পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিল সংসদে উত্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তির বিধান রেখে গতকাল বুধবার জাতীয় সংসদে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিল, ২০১০ উত্থাপিত হয়েছে। এ বিলে পারিবারিক বিরোধের ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যাপারে আদালতের দেওয়া সুরক্ষা আদেশ বা আদেশের কোনো শর্ত লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিন মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া গতকাল সংসদে বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল ২০১০, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল, ২০১০ ও কোর্ট ফিস (সংশোধন) বিল, ২০১০ পাস হয়েছে। প্রস্তাবিত পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা বলতে কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশুসদস্যের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝানো হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার সংক্ষুব্ধ ব্যক্তি অনুরোধ জানালে ওই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত সংক্ষুব্ধ ও প্রতিপক্ষ ব্যক্তিকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ দিতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পাারবেন। আদালত সংক্ষুব্ধ ব্যক্তির সন্তানদের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশও দিতে পারবেন।তিনটি বিল পাস: বিলের ওপর একটি সংশোধনী এনে কোর্ট ফিস (সংশোধন) বিল, ২০১০ গতকাল পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল, ২০১০ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সংশোধিত আইনে বলা হয়েছে, ব্যাটালিয়ন আনসারের চাকরির বয়স নয় বছর হলে তাঁদের চাকরি স্থায়ী হবে। পরে বিল দুটি পাস হয়। এ ছাড়া গতকাল বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১০ উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।