পারিলার সড়ক বেহাল মাছচাষিদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার পারিলার কামারপাড়া থেকে আশরাফের মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা। দুর্ঘটনা এড়াতে সড়কে পুঁতে রাখা হয়েছে খুঁটি। ছবিটি সম্প্রতি আশরাফের মোড়সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো
রাজশাহীর পবা উপজেলার পারিলার কামারপাড়া থেকে আশরাফের মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা। দুর্ঘটনা এড়াতে সড়কে পুঁতে রাখা হয়েছে খুঁটি। ছবিটি সম্প্রতি আশরাফের মোড়সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো

তাজা মাছ সরবরাহকারী গ্রাম রাজশাহীর পবা উপজেলার পারিলার চাষিরা সড়ক নিয়ে মহাদুর্ভোগে পড়েছেন। এত দিন নিজেরা চাঁদা দিয়ে মেরামত করে রাস্তাটি চালু রেখেছিলেন। এখন তা-ও সম্ভব হচ্ছে না। দুই কিলোমিটার রাস্তার জন্য তাঁদের ২০ কিলোমিটার ঘুরে গ্রামে ঢুকতে হচ্ছে।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়ক থেকে আশরাফের মোড়-রামচন্দ্রপুর সড়কটি পারিলা গ্রামের ভেতর দিয়ে চলে গেছে। পবা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আট-দশ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাস্তাটি নির্মাণ করে। এরপর রাস্তাটির আর কোনো সংস্কার করা হয়নি।
কয়েক দিন আগে সরেজমিনে দেখা যায়, সড়কটি খানাখন্দে ভরা। কোনো কোনো অংশ কাদাপানিতে ডুবে আছে। একটি জায়গায় পুকুর ভেসে রাস্তার ওপর দিয়ে পানি যাচ্ছে। স্থানীয় কয়েকজন বলেন, পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে দুই কিলোমিটার একেবারেই বেহাল। এ রাস্তাটুকু মেরামত করা হলে আপাতত গ্রাম থেকে মাছ ও মাছের খাবারের গাড়ি যাতায়াত করতে পারবে। কিন্তু রাস্তাটুকু মেরামত না হওয়ায় রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস হয়ে পবা উপজেলার রামচন্দ্রপুর হয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে গ্রামে ঢুকতে হচ্ছে।
গ্রামের মাছচাষি সোহরাব হোসেন বলেন, পারিলা গ্রাম থেকে সারা দেশে প্রতিদিন তাজা মাছ সরবরাহ করা হয়। গ্রামের পাশেই মাছের খাবার তৈরির জন্য আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান কারখানা করেছে। প্রতিদিন এই গ্রাম থেকে অন্তত ৩০ ট্রাক মাছ সারা দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। আবার মাছের খাবার নিয়ে গাড়িগুলো গ্রামে ঢুকছে। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মাছচাষি ও সাবেক ইউপি সদস্য শফিকুল আলম বলেন, বাণিজ্যিক দিক দিয়ে ওই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই তাঁরা নিজেরা গত দুই বছর চাঁদা তুলে এর মেরামত করেছেন। কিন্তু এখন আর রাস্তাটি ঠিক রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বাণিজ্যিক গুরুত্বের কথা বিবেচনা করে সরকারের এ রাস্তার দিকে নজর দেওয়া উচিত।
রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন, এবার তিনি পবা উপজেলার কাটাখালি থেকে আশরাফের মোড় পর্যন্ত রাস্তাটি প্রথমে সংস্কার করার চেষ্টা করছেন। পরেরবার আশরাফের মোড় থেকে রামচন্দ্রপুর রাস্তাটি সংস্কার করা হবে।
রাজশাহীর পবা উপজেলা প্রকৌশলী এস এম মিজানুর রহমান বলেন, এটি উপজেলা সড়ক। তবে বাণিজ্যিক দিক দিয়েও রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপাতত তাঁদের করার কিছু নেই। তাঁরা আশা করছেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে সড়কটি সংস্কার করা সম্ভব হবে।