পারুলের আমানতের টাকা গেল কোথায়?
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ডাকঘরে পারুল আক্তার নামের এক নারীর স্থায়ী আমানতের হদিস মিলছে না। পারুল আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল সরকারপাড়া গ্রামে। তিনি নাটোরে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। তিনি সেখানেই বসবাস করছেন।
পারুল আক্তারের অভিযোগ, ২০১১ সালে আক্কেলপুর উপজেলা ডাকঘরে তিন বছর মেয়াদি এক লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডি) করেন, যার হিসাব নম্বর ৭৭৫০। গত বছরের ১৪ মে আমানতের টাকা তুলতে গেলে পোস্টমাস্টার হাফিজার রহমান তাঁকে ১ লাখ ৩৪ হাজার টাকা পাওয়ার কথা জানান। এ সময় হাফিজার রহমান ও পিয়ন তোজাম্মেল লাভের হার বৃদ্ধি করার কথা বলে তাঁকে আবার পুরো টাকা এফডি করতে অনুরোধ করেন। তিনি এতে রাজি হন। এ সময় হাফিজার রহমান দুটি ফরম দিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন। তিনি স্বাক্ষর করে দেন। ৫ সেপ্টেম্বর পারুল ওই টাকা তুলতে গেলে বর্তমান পোস্টমাস্টার রবীন্দ্রনাথ বর্মণ জানান, তাঁর নামে কোনো আমানতের হিসাব নেই।
উপজেলা ডাকঘর সূত্র জানায়, হাফিজার রহমান গত বছরের ২২ জুন অন্যত্র বদলি হয়ে যান। এরপর পিয়ন তোজাম্মেল হোসেনও বদলি হন। হাফিজার রহমান তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় প্রায় ৪১ লাখ টাকা জালিয়াতির ঘটনা ধরে পড়েছিল। সেই সময় হাফিজার রহমান ১০-১২ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে সময় চেয়েছিলেন।
রবীন্দ্রনাথ বর্মণ প্রথম আলোকে জানান, তিনি দায়িত্ব বুঝে নেওয়ার সময় হাফিজার রহমানের একাধিক জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়। তখন হাফিজার রহমান গ্রাহকদের সঙ্গে সমঝোতা করেছিলেন। পরে হাফিজার কয়েকজনকে টাকা ফেরত দিয়েছিলেন বলে শুনেছেন।
আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, হাফিজার রহমান গ্রাহকদের কাছে টাকা নিয়ে জমা দেননি। সেই সময় কয়েকজন গ্রাহক তাঁর কাছে অভিযোগ করেছিলেন।
হাফিজার রহমানের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্যে জানা সম্ভব হয়নি।
ক্ষেতলাল ডাকঘরে কর্মরত পিয়ন তোজাম্মেল হোসেন বলেন, হাফিজার রহমান কয়েকজনকে টাকা ফেরত দিয়েছিলেন। এসব ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না দাবি করে তিনি বলেন, পারুল আক্তারের আমানতের বিষয়ে তাঁর কিছুই জানা নেই।