নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিটি করপোরেশনের নির্মিত পার্কটির উদ্বোধন করেছেন সাংসদ এ কে এম শামীম ওসমান।
গতকাল সোমবার বিকেলে নিজের অনুসারীদের নিয়ে তিনি পার্কটি উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, শামীম ওসমান অযাচিত ও অন্যায়ভাবে এবং সম্পূর্ণ নিজের খেয়ালখুশিমতো সিটি করপোরেশনের পার্ক উদ্বোধন ঘোষণা করেছেন। সিটি করপোরেশনের সম্মতি ছাড়া শামীম ওসমান এটা করতে পারেন না। সিটি করপোরেশনের নির্মিত প্রথম পার্ক, নগর ভবন ও বন্দরের শেখ রাসেল ইকো পার্ক প্রধানমন্ত্রী বা স্থানীয় সরকারমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।
সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) ২৫ কোটি টাকা ব্যয়ে ফতুল্লার পঞ্চবটীতে সিটি করপোরেশনের নিজস্ব ছয় একর জমিতে ‘অ্যাডভেঞ্চার ল্যান্ড’ নামে এ পার্ক নির্মাণ করা হয়। ৩ সেপ্টেম্বর পার্কটি চালু করার ঘোষণা দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান জুলফিয়া ইন্টারন্যাশনাল। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তারা তা চালু করতে পারেনি।
উদ্বোধনের সময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাছান, শওকত হাশেম, দুলাল প্রধান, ইসরাত জাহান ও শারমিন হাবিব, পার্কের ইজারাদার প্রতিষ্ঠান জুলফিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফজর আলী। এ সময় শামীম ওসমান বলেন, ‘এই পার্ক নির্মাণের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ কারণে আমি সংসদে প্রশ্ন করেছিলাম। কিন্তু পরে সেটার সুষ্ঠু জবাব পাইনি। এ পার্ক কারও পৈতৃক সম্পত্তি না। পার্কে দুর্নীতি হয়েছে, সেটার বিচার হবে। নারায়ণগঞ্জে কোনো পার্ক নাই। অন্তত শিশুরা এ পার্কে এসে একটু নিশ্বাস নিতে পারবে। সে কারণেই এটা উদ্বোধন করা হয়েছে।’
আইভীকে আত্মসমর্পণের পরামর্শ: শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সাংসদ, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান গত রোববার এক বিবৃতিতে মেয়র আইভীকে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়ে বলেছেন, মেয়র আত্মসমর্পণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।