ঢাকা শহরে বর্তমানে পর্যাপ্ত পার্ক ও খেলার মাঠ না থাকা অন্যতম নাগরিক সমস্যা। যে কারণে রোগের ঝুঁকি, সামাজিকীকরণের সীমাবদ্ধতা বৃদ্ধিসহ ঢাকা শহর প্রাণহীন ও বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এ জন্য বিদ্যমান মাঠ-পার্ক রক্ষা করে তা শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ—সবার বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।গতকাল শুক্রবার রাজধানীর বিলিয়া সেন্টারে ‘সুস্থ, সামাজিক, প্রাণবন্ত ও বসবাসযোগ্য নগরীর জন্য পার্ক ও খেলার মাঠ: প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব পরামর্শ দেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বর্তমানে বিভিন্ন আকারের ৫৪টি পার্ক এবং ১১টি খেলার মাঠ রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তা ছাড়া অধিকাংশ পার্ক ও মাঠ ব্যবহারের উপযোগী নয়। সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম। পবা সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি গোলাম রহমান, সাবেক আইজিপি ও আইন কমিশনের সাবেক সদস্য এম এনামুল হক, সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য ইকরাম আহমেদ, বিআইপি সাধারণ সম্পাদক খন্দকার আনসার হোসেন প্রমুখ বক্তব্য দেন।