পার্ক থেকে জিন্নাহর নামফলক অপসারণ

দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পর আজ রোববার রাজশাহীর একটি পার্কে থাকা পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামফলক অপসারণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা। ফলক অপসারণের পর তাঁরা মিষ্টিমুখ করেন।
সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭০ সালের ৫ ডিসেম্বর রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকায় পার্কটির উদ্বোধন করেছিলেন রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক কেএ জামান। পার্কটির মাঝখানে এখন একটি বড় পুকুর রয়েছে। চারপাশ দিয়ে ১০ থকে ১২টি বসার বেঞ্চি রয়েছে। উত্তর পার্শ্বে সীমানা প্রাচীর রয়েছে। পার্কের ফটকের পাশে পাথর খোদাই করা ‘জিন্নাহ মিউনিসিপ্যাল পার্ক’ ও উদ্বোধকের নাম লেখা ফলক ছিল। আজ দুপুরে হাতুড়ি ও খুন্তি দিয়ে নামফলকটি অপসারণ করা হয়। অপসারণে অংশ নেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, কেন্দ্রীয় কমান্ডের কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান, মহানগর কমান্ডের ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা।
মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান বলেন, আজ জিন্নাহর শেষ চিহ্ন এই রাজশাহীর বুক থেকে সরিয়ে দিলাম। যাহা আমাদের ভাষা নিয়ে কটাক্ষ করে, আমাদের শহীদদের নিয়ে কটাক্ষ করে সেই পাকিস্তানিদের কোনো চিহ্ন কোথাও থাকবে না। পার্কটির নতুন নামকরণ পরে করা হবে।