পার্ক নষ্ট করে ডাস্টবিন চান না নয়াটোলার মানুষ
রাজধানীর মগবাজারে নয়াটোলা এলাকাবাসীর দম ফেলার এক চিলতে জায়গা ছিল নয়াটোলা শিশুপার্কটি। গতকাল থেকে সেই শিশুপার্কের গাছ কেটে সেখানে ময়লা ফেলার কনটেইনার রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি করপোরেশন উত্তর। এ উদ্যোগে এলাকার বেশ কিছু লোক প্রথম আলোর কাছে তাঁদের ক্ষোভ জানিয়েছেন।তবে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা বলেন, ওই এলাকার রাস্তার ওপর একটি কনটেইনার ডাস্টবিন ছিল। ডাস্টবিনটি রাস্তা থেকে সরাতে এলাকার অনেক মানুষ সিটি করপোরেশনের কাছে আবেদন করেছেন। তাঁদের পরামর্শেই ওই ডাস্টবিন রাখার জায়গা নির্ধারণ করা হয়েছে।গতকাল পার্কে গিয়ে দেখা যায়, পার্কের ভেতরের এক অংশের কয়েকটি আমগাছসহ বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। গুঁড়িগুলো উপড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় এলাকার বেশ কয়েকজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ওই পার্কে এলাকার লোকজন প্রাতর্ভ্রমণ করেন। আবার বিকেলে এখানেই শিশুরা খেলে। পার্কের ভেতরের বেঞ্চে বসে সময় কাটান অভিভাবকেরা। রাতে বিদ্যুৎ চলে গেলে অনেক মানুষ এখানে একটু বাতাস পাওয়ার আশায় বসেন। ডাস্টবিন হলে এসব কিছু বন্ধ হয়ে যাবে।রাস্তার ওপর ডাস্টবিনটি থাকায় এলাকার মানুষের ভোগান্তি হচ্ছিল তা স্বীকার করেছেন তাঁরা। তবে রাস্তা থেকে ডাস্টবিন সরিয়ে পার্কে বসানোর সিদ্ধান্ত তাঁরা মানতে পারছেন না। সিটি করপোরেশনকে অন্য কোনো জায়গা নির্ধারণ করে পার্কটি রক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।