পার্ক নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বাণিজ্যিক পার্ক নির্মাণের প্রতিবাদে গতকাল টাউন হল মোড়ে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন l প্রথম আলো
নোয়াখালীতে বাণিজ্যিক পার্ক নির্মাণের প্রতিবাদে গতকাল টাউন হল মোড়ে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন l প্রথম আলো

নোয়াখালীর মাইজদীর বড়দিঘির দক্ষিণপাড়ে সরকারি জায়গায় উন্মুক্ত স্থানে বাণিজ্যিক পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও গণসমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের টাউন হল মোড়ে নাগরিক অধিকার মোর্চা আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক মোল্লা হাবিবুর রাসুলের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, জেএসডির জেলা সেক্রেটারি কাউসার নিয়াজি, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল কান্তি দে, নোয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, ব্যবসায়ী আশরাফ এজাজ, নাগরিক মোর্চার যুগ্ম আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, উন্মুক্ত স্থানে বাণিজ্যিক পার্ক নির্মাণের কাজ বন্ধের জন্য হাইকোর্ট নির্দেশ দিলেও নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ তা মানছে না। আদালতের আদেশের বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।