পার্কগুলোয় বিনোদনের সুযোগ নেই
খুলনার পার্কগুলোয় নগরবাসীর বিনোদনের কোনো সুযোগ নেই। এগুলো সভা-সমাবেশের স্থানে পরিণত হয়েছে। প্রতিটি পার্কে শিশুদের খেলার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। কোনো পার্কেই নিরাপত্তাব্যবস্থা নেই। মাদকসেবী ও বখাটেরা আড্ডা বসায় পার্কগুলোয়।নগরের ১০টি পার্কের মধ্যে প্রেমকানন ছাড়া আটটি খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও একটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আওতাধীন। কেসিসি, কেডিএ কার্যালয় সূত্র ও নগরবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন শেখ আবদুল কাইয়ুম বলেন, নগরের প্রধান পার্কগুলোয় সভা-সমাবেশ হওয়ায় নগরবাসীর বিনোদনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার পর এখানে মাদকসেবী ও বখাটেদের আড্ডা বসে। নগরবাসীর স্বার্থে পার্কগুলোয় বিনোদনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।শহীদ হাদিস পার্ক: নগরের ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ পার্কের আয়তন প্রায় দেড় একর। ১৮৮৪ সালে খুলনা পৌর ভবনের বিপরীতে পানীয় জলের জন্য একটি দিঘি খনন করা হয়। দিঘির পাড়ে সুদৃশ্য চেয়ার স্থাপন করা হয়। তখন থেকেই নগরবাসী বৈকালিক ভ্রমণে এখানে আসত। এ পার্কে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার, স্বাধীনতার স্মারক ভাস্কর্য ‘দুর্জয়’, একটি কৃত্রিম উঁচু টিলা ও বসার স্থান রয়েছে। দীর্ঘদিনেও পার্কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন এখানে সভা-সমাবেশ করে; এ ছাড়া রয়েছে হকার, মাদকসেবী ও বখাটেদের আনাগোনা।জাতিসংঘ পার্ক: নগরের খানজাহান আলী সড়কে শান্তিধাম মোড়সংলগ্ন এলাকায় অবস্থিত এ শিশুপার্কের আয়তন ১ দশমিক ১৮ একর। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পার্কটির এ নামকরণ করা হয়। শিশুদের খেলার জন্য কিছু সরঞ্জাম স্থাপন করা হয় এখানে; কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে কিছুদিনের মধ্যে সেগুলো ব্যবহারের অনুপযোগী ও নষ্ট হয়ে যায়। কিছু কিছু সরঞ্জাম চুরি হয়ে গেছে। এখানে সন্ধ্যার পর থেকে বখাটে ও মাদকসেবীদের আড্ডা বসে। এ পার্কেও সভা-সমাবেশ চলে।গোলকমনি পার্ক: ধর্মসভাসংলগ্ন এ পার্কের আয়তন শূন্য দশমিক ৬৩ একর। ১৯৬০ সালে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান দোস্ত মোহাম্মদ বিনোদনের জন্য পার্কটি নির্মাণ করেন। বর্তমানে এটি কেসিসির অধীনে পরিচালিত হচ্ছে। পার্কটি আধুনিকায়নের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। উল্টো পার্কের একটি অংশে সিটি করপোরেশন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, কমিউনিটি সেন্টার ও নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে। এলাকাবাসীর অভিযোগ, এখানেও মাদকসেবী ও বখাটেদের আড্ডা বসে নিয়মিত।খুলনা লেডিস পার্ক: লোয়ার যশোর রোডে এ পার্ক অবস্থিত। ১৯৩৩ সালে খুলনা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মহেন্দ্র ঘোষ নারী ও শিশুদের বিনোদনের জন্য এটি নির্মাণ করেন। ১৯৫৮ সাল পর্যন্ত এটি ছিল নগরের নারী ও শিশুদের একমাত্র বিনোদনস্থল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্কের গাছগুলো কেটে সৌন্দর্য নষ্ট করা হয়; বন্ধ হয়ে যায় জনসাধারণের প্রবেশাধিকার। এখন সেখানে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার কার্যক্রম চলছে।মিনি শিশুপার্ক: নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ অয়েল মিলের বিপরীতে শেরেবাংলা রোডসংলগ্ন বস্তি উচ্ছেদ করে এ পার্ক নির্মাণ করা হয়। এর আয়তন প্রায় শূন্য দশমিক ৫৮ একর। দীর্ঘ প্রাচীরঘেরা পার্কটিকে মিনি শিশুপার্ক বলা হলেও এখানে শিশুদের বিনোদনের কোনো সরঞ্জাম ও বসার স্থান নেই। এর মধ্যে সিটি করপোরেশনের একটি পানির পাম্প হাউস নির্মাণ করা হয়েছে। এতে মূল পার্কের জায়গা কমে গেছে।এ ছাড়া নগরের নিরালা শিশুপার্ক, সোনাডাঙ্গা শিশুপার্ক, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক, মুজগুন্নি এসএস ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট শিশুপার্ক ও প্রেমকানন নামে আরও পাঁচটি পার্ক রয়েছে। এর মধ্যে মুজগুন্নি শিশুপার্কটি কেডিএর আওতাধীন। এ পার্কগুলোয়ও বিনোদন ও শিশুদের খেলাধুলার সরঞ্জামগুলো ভাঙা, কোনোটির চুরি হয়ে গেছে। সোনাডাঙ্গা পার্কটির সীমানাপ্রাচীর ও ফটক ভাঙা। আশপাশের বাড়ির লোকজন তাদের নির্মাণসামগ্রী এনে রেখেছেন এর ভেতর।সংশিষ্টদের বক্তব্য: ইকবালনগর এলাকার বাসিন্দা রেহানা আফরোজা বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কে। সেখানে গিয়ে বিব্রত হতে হয়েছে। প্রেমিক-প্রেমিকারা খুব আপত্তিকর অবস্থায় বসে ছিল।’খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, প্রায় ১৫ লাখ মানুষের এ নগরে বিনোদনের সুযোগ নেই বললেই চলে। তদারক ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় নগরের পার্কগুলোর পরিবেশ নষ্ট হয়ে গেছে।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, পার্কগুলো আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহীদ হাদিস পার্ক সংস্কার করে নতুন আঙ্গিকে পার্ক নির্মাণের জন্য সাড়ে আট কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কাজের দরপত্রও আহ্বান করা হয়েছে। এ ছাড়া গল্লামরী সেতুর পাশ থেকে নতুন বাইপাস সড়ক পর্যন্ত ১৮ একর জায়গা নিয়ে লিনিয়ার পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে। অন্য পার্কগুলোও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।পার্কের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রসঙ্গে মেয়র বলেন, এগুলো নাগরিক প্রয়োজনে করা হয়েছে। তবে অবৈধ দখলদার, মাদকসেবী ও বখাটেদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।