গাজায় শিশুদের ওপর সহিংসতার এবং খুলনার জাতিসংঘ শিশুপার্কটি মেলা উপযোগী করে নির্মাণকাজ শুরুর প্রতিবাদে ও শিশুদের ব্যবহারের উপযোগী পার্ক হিসেবে নির্মাণের দাবিতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) খুলনা বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে সকাল সাড়ে ১০টায় এই আয়োজন করা হয়।
সম্মেলনে খুলনা বিভাগের ১০টি জেলার এনসিটিএফ প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলার শিশু সাংবাদিক বাঁধন কর্মকার। গাজায় শিশুদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে লিখিত বক্তব্যে সে বলে, দীর্ঘ যুদ্ধবিরতিসহ আহত শিশুদের সুচিকিৎসা এবং বিধ্বস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পুনর্নির্মাণ, সংস্কার ও সচল করতে হবে। জাতিসংঘ, ইউনিসেফসহ বিশ্বের সব মানবাধিকার সংগঠনকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
সে আরও বলে, খুলনা সিটি করপোরেশনের জাতিসংঘ শিশুপার্ক শিশুদের জন্য ব্যবহারের উপযোগী একমাত্র শিশুপার্ক। যেখানে নগরের শিশুরা প্রতিনিয়ত খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনে অংশ নেয়। শিশুদের বিনোদনের অধিকার থেকে বঞ্চিত করে শিশুপার্কটি বিভিন্ন সময়ে বাণিজ্য মেলা, বৃক্ষমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়ে থাকে। এই পার্কটি শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত করতে স্থানীয় ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন, সিটি করপোরেশনসহ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া শিশুপার্কটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের হাত থেকে মুক্ত করে আজীবনের জন্য শিশুদের আনন্দময় খেলার স্থান হিসেবে ঘোষণা করার আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা এনসিটিএফের সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের চেয়ারপারসন ও মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, সাইফ মাহাদী, মিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।