
রাজধানীর কেন্দ্রস্থল মতিঝিল, দিলকুশাসহ আশপাশের ব্যস্ত এলাকার যানজট কমাতে ৩৭তলা সিটি সেন্টার ভবন নির্মাণ করে ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা হলো। কিন্তু এখন মূল উদ্দেশ্যই ভেস্তে যাচ্ছে। গাড়ি রাখার তলাগুলো ফাঁকা থাকছে, গাড়ি রাখা হচ্ছে রাজপথে। ফলে যানজট নিয়মিত লেগেই থাকছে।
গতকাল বুধবার সকাল দশটা থেকে বেলা প্রায় একটা পর্যন্ত এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেল। মতিঝিল উত্তরা ব্যাংক ভবনের পাশে ২১ কাঠা জায়গায় ২০০৪ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৪ সালের ১৮ নভেম্বর গাড়ি পার্কিং ব্যবস্থা চালু হয়।
সিটি সেন্টারের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত গাড়ি রাখার স্থান ভবনটির বিভিন্ন অফিস বা স্পেস মালিকপক্ষের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালনায় চতুর্থ থেকে দশম তলা পর্যন্ত ৩১৫টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এখানে গাড়ি রাখার ভাড়াও তুলনামূলক কম। ঘণ্টায় একটি গাড়ির ভাড়া ১০ টাকা। তিন ঘণ্টা ৩০ টাকা। সারা দিন থাকলে ৬০ টাকা।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে অষ্টম তলায় গিয়ে দেখা যায়, শুধু একটি ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে আছে। ষষ্ঠ তলায় রয়েছে আটটি এবং চতুর্থ তলায় ১৪টি গাড়ি।
বেলা ১১টার দিকে দেখা যায়, এলাকার দৈনিক বাংলার মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত রাজপথের দুপাশে শুধু গাড়ি আর গাড়ি। এমনকি সিটি সেন্টারের সামনেও বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল দাঁড়ানো। মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), এফবিসিসিআই ভবনের সামনে, বিপরীত দিকে শরীফ ম্যানশন, টয়োটা ভবনের সামনেও একাধিক সারিতে গাড়ি রাখা। অন্যদিকে সিটি সেন্টার থেকে দিলকুশায় হোটেল পূর্বাণী পর্যন্ত, বিনিয়োগ বোর্ড ভবন থেকে বিসিআইসি ভবন পর্যন্ত রাজপথের দুই ধারে দুটি করে চারটি সারিতে রাখা হয়েছে গাড়ি।

বেলা সাড়ে ১১টার কিছু পরে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে রেকারের সাহায্যে শুরু হয় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান। একেকটি গাড়িকে দেড় হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। মামলাও করা হয় কয়েকটির বিরুদ্ধে। কিন্তু অভিযান থেমে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে আবার রাস্তায় জমে যায় গাড়ি।
স্বল্প ভাড়ায় গাড়ি রাখার সুবিধা থাকার পরও সিটি সেন্টার ভবন ব্যবহার না করে গাড়ি রাস্তায় রাখা হয় কেন—এমন প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, মানুষ অভ্যাসবশত গাড়ি রাখার স্থানে গাড়ি রাখে না। যদিও সিটি সেন্টারে গাড়ি রাখা খুব নিরাপদ। তিনি বলেন, মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গাড়ি রাখার দায়ে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। কিন্তু অভিযান না চললে আগের অবস্থাই দাঁড়ায়।
সিটি সেন্টারে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এখানে গাড়ি রাখার জন্য নিয়মিত মাইকিং ও লিফলেটও বিতরণ করা হয়। কিন্তু গাড়ির মালিক বা তাঁদের চালকেরা সচেতন না হলে সমস্যার সমাধান হবে না।
সিটি করপোরেশনের বাইরে বেসরকারি কোনো সংস্থাকে গাড়ি পার্কিং পরিচালনার দায়িত্ব দেওয়া হলে মূল উদ্দেশ্য সফল হতে পারে বলে সিটি সেন্টারের বিভিন্ন অফিসের কর্মকর্তারা মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, কর্তৃপক্ষ এ পর্যন্ত দশবার দরপত্র আহ্বান করেছে। কিন্তু ঠিকাদারদের অংশগ্রহণের হার খুবই কম।