পার্কিংয়ে অস্থায়ী দোকান নির্মাণ করছে ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান–১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অস্থায়ী দোকান নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
গুলশান–১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অস্থায়ী দোকান নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের পার্কিংয়ে অস্থায়ী দোকান নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। ২ জানুয়ারি দিবাগত রাতে আগুনে মার্কেটের ধসে পড়া কাঁচা মার্কেট অংশের ব্যবসায়ীদের এসব দোকানে পুনর্বাসন করা হবে। পার্কিংয়ে দোকান নির্মাণের বিষয়ে পাকা মার্কেট অংশের ব্যবসায়ীরা প্রথমে আপত্তি তুলেছিলেন, পরে আলোচনার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে দোকান তুলতে তাঁরা সম্মত হন।

এদিকে গত বুধবার থেকে মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অংশ নিচ্ছে। বুধবার দেখা গেছে, মার্কেটের পার্কিংয়ের এক পাশে বাঁশের কাঠামো দিয়ে সারি সারি দোকান নির্মাণ করছেন শ্রমিকেরা। ভূমি থেকে দোকানগুলো উঁচু করতে ইট দিয়ে ছোট প্রাচীর দেওয়া হয়েছে। বালুর ওপরে সিমেন্টের প্রলেপ দিয়ে দোকানের মেঝে বানানোর কাজ চলছে।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, আপাতত গুলশান মার্কেটের পার্কিংয়ে ৫০টির মতো দোকান নির্মাণ করা হচ্ছে। ধসে পড়া কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের এসব দোকানে অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করা হবে। শুক্র বা শনিবারের মধ্যে এসব অস্থায়ী দোকান চালু করার পরিকল্পনা রয়েছে বলে মাহবুব জানান।

কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসনে ডিএনসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধসে পড়া মার্কেটের ব্যবসায়ীরা। পার্কিংয়ে উপস্থিত কাঁচা মার্কেটের একাধিক ব্যবসায়ী বলেন, বছরের শুরুর দিকের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। বাড়িভাড়া, সন্তানদের স্কুলে ভর্তিতেও অনেকে সমস্যায় পড়েছেন। সিটি করপোরেশন দ্রুত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করলে কিছুটা হলেও তাঁরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

ডিএনসিসি মার্কেটের দুটি অংশ ছিল। এর মধ্যে ২ জানুয়ারি দিবাগত রাতে লাগা আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে গেছে এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পার্কিংয়ে অস্থায়ী দোকান নির্মাণ বিষয়ে পাকা মার্কেটের ব্যবসায়ীরা প্রথমে আপত্তি করেন, পরে আলোচনার ভিত্তিতে অস্থায়ী দোকান নির্মাণের বিষয়ে সম্মত হন তাঁরা। পাকা মার্কেটের একাধিক ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বলেন, পার্কিংয়ে এতগুলো দোকান করা হলে কেনাকাটা করতে আসা লোকজনের গাড়ি রাখার জায়গা থাকবে না। পাকা মার্কেটের সামনে বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে।

তবে পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত। কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্কিংয়ে অস্থায়ীভাবে দোকান করা হচ্ছে। যেহেতু সবারই পরিবার আছে, তাই মানবিক কারণে পাকা মার্কেটের ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন।

গত সোমবার থেকে মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে ডিএনসিসি। বুধবার থেকে ডিএনসিসির সঙ্গে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি দল ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিচ্ছে। ডিএনসিসির পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মো. সাবের সুলতান প্রথম আলোকে বলেন, ধ্বংসস্তূপ সরানোর কাজে ডিএনসিসি ও সেনাবাহিনীর ৩টি এক্সকাভেটর, ১৮টি বর্জ্য বহনকারী ট্রাক, রাতে কাজ করার জন্য ভ্রাম্যমাণ টাওয়ার লাইটারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে কাজ চলছে।

বর্জ্য পরিবহনের ট্রাকে করে মার্কেটের ধ্বংসস্তূপের বর্জ্য আমিনবাজারে অবস্থিত সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কাছাকাছি দূরত্বে এসব বর্জ্য ফেলার জন্য জায়গা খুঁজছে ডিএনসিসি। ধ্বংসস্তূপের এক পাশ পরিষ্কার হলে সেখানেও অস্থায়ী দোকান তোলা হবে বলে ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন।