পার্কিংয়ের নামে চাঁদাবাজির অনুমতি দিয়েছে পৌরসভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজারে পার্কিংয়ের নামে বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। কেউ চাঁদা দিতে না চাইলে মারধরসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। যত্রতত্র গাড়ি থামিয়ে চাঁদা আদায় করায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে যানজটমুক্ত শহরে পরিণত করার প্রশাসনিক উদ্যোগও ভেস্তে যেতে বসেছে।শহরের কালুর দোকান এলাকার ট্যাক্সিচালক গিয়াস উদ্দিন (৩৫) জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টায় লিংক রোড থেকে যাত্রী নিয়ে শহরে প্রবেশের সময় কেন্দ্রীয় বাসটার্মিনালে থামিয়ে ১০ টাকা চাঁদা আদায় করে ইজারাদারের লোকজন। এর প্রায় এক কিলোমিটার দূরে হাশেমিয়া মাদ্রাসার সামনে গাড়ি থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ার সময় দুই ব্যক্তি এসে জোরপূর্বক আরও ২০ টাকা চাঁদা আদায় করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা মারমুখো আচরণ ও ইজারার বিপরীতে পৌরসভার দেওয়া কাগজপত্র প্রদর্শন করে। ফলে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়েছে।বাজারঘাটার ব্যাটারিচালিত টমটমের চালক মিজানুর রহমান (২৫) জানান, সারা দিনে ইজারাদারকে পাঁচ-ছয় দফায় ৫০-৬০ টাকা চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদার টাকা তাঁরা যাত্রীদের কাজ থেকে আদায় করছেন। ফলে তাঁদেরও বেশি ভাড়া আদায় করতে হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে মারামারির ঘটনাও ঘটছে। কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, পুরো পৌরসভা এলাকায় এখন চাঁদাবাজি চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকবাহী গাড়ি থেকে সর্বোচ্চ ৭০০ টাকাও আদায় করা হচ্ছে। শহরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট কানু বিশ্বাস জানান, পৌরসভার ইজারাদার যেখানে-সেখানে যানবাহন আটকে চাঁদা তোলায় প্রধান সড়কে নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে পর্যটকসহ যাত্রীসাধারণের দুর্ভোগ বাড়ছে।নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কাউন্সিলর জানান, গত ১ অক্টোবর থেকে সব পরিবহন সংস্থার টিকিট কাউন্টার কেন্দ্রীয় বাসটার্মিনালে সরিয়ে দেওয়ায় শহরটি যানজটমুক্ত ও টার্মিনালটিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এই সুযোগ কাজে লাগিয়ে পৌর কর্তৃপক্ষ ১২ অক্টোবর টার্মিনালটি স্থানীয় দক্ষিণ রুমালিরছড়ার রাশেদুল মোস্তফা ও মঞ্জুরুল হোসেনকে সাত লাখ ৮০ হাজার টাকায় ইজারা দেয়। এখন ইজারাদার টার্মিনাল ছাড়াও পৌরসভার যত্রতত্র পার্কিংয়ের নামে চাঁদা আদায় করছেন।ইজারাদার মঞ্জুরুল হোসেন বলেন, টার্মিনাল ছাড়াও পুরো পৌর এলাকা থেকে পার্কিং ইজারা তোলার লিখিত অনুমতি রয়েছে। তার পরও টার্মিনালের বাইরে কলাতলী, হলিডেমোড় ও ফিসারিঘাটে চাঁদা আদায় করা হচ্ছে। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, পুরো পৌরসভা এলাকা থেকে ইজারা তোলার অনুমতি দেওয়া হলেও বর্তমানে টার্মিনালেই বিভিন্ন পরিবহন থেকে নির্ধারিত মুলে টোল আদায় করা হচ্ছে।পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, চাঁদার জন্য পৌরসভা কর্তৃক পুরো পৌর এলাকাটি হঠাৎ করে ইজারা দিয়ে দেওয়ার কোনো কারণ তিনি খুঁজে পান না। এতে নানা সমস্যা ও বিভ্রান্তি দেখা দিচ্ছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।