পার্কে আসা লোকজনের ওপর হামলা, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে বনভোজনে আসা লোকজনের ওপর নিরাপত্তাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার শহীদ বকুল স্মৃতি সংসদের দেড় শতাধিক সদস্য বার্ষিক বনভোজন করতে দুপুরে ওই পার্কে যান। কিন্তু প্রবেশমুখে একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে হাতাহাতি হয়। এ সময় নিরাপত্তাকর্মী চিৎকার দিলে অর্ধশতাধিক লোক লাঠিসোঁটা ও রড নিয়ে বনভোজনকারীদের ওপর হামলা চালায়। জিন্দা পার্কের পরিচালক মো. কাজল প্রথম আলোকে বলেন, বকুল স্মৃতি সংসদের সদস্যরা পার্কের মূল ফটক দিয়ে না ঢুকে, অন্য ফটক দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা চালান। এ সময় নিরাপত্তাকর্মী তাদের বাধা দিলে তাঁকে মারধর করা হয়। পরে পার্কের অন্য লোকজন গিয়ে বনভোজনকারীদের মারধর করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।