পার্কে ঘাস নেই, আছে ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি এখন ধুলার রাজ্য। এরই মধ্যে খেলাধুলা করে এলাকার শিশু–কিশোরেরা। গত রোববারের ছবি।  প্রথম আলো
মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি এখন ধুলার রাজ্য। এরই মধ্যে খেলাধুলা করে এলাকার শিশু–কিশোরেরা। গত রোববারের ছবি। প্রথম আলো

‘পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো/ ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো’—সেই নব্বই দশকের মধ্যভাগে শিল্পী কবীর সুমন পাড়ার পার্কের বর্ণনায় গানটি গেয়েছিলেন। এই গানে যে চিত্রকল্প তিনি এঁকেছিলেন, তার অনেকটাই মিলে যায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের বর্তমান অবস্থার সঙ্গে। মাঠের বেশির ভাগ জায়গায় ঘাস নেই, অবস্থা ধুলাধূসর। কংক্রিটের বসার জায়গাগুলো ভাঙাচোরা। মাঠের এক কোণে একটি বড় অংশজুড়ে জমে আছে আবর্জনার স্তূপ, নোংরা পানি।

এই পরিবেশের মধ্যেই রোজ বিকেলে মহল্লার বাচ্চাগুলো ছুটে বেড়ায় মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। মাঠটি হয়ে ওঠে সমাজের সব শ্রেণির শিশুদের মিলনস্থল। ঘাস উঠে যাওয়া এই ধূসর পার্কেই রচিত হয় ‘শিশুর সাম্যবাদ’।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মাঠের আপাতনির্দোষ পরিবেশ বদলে যায়। মাঠটি তখন হয়ে ওঠে মাদকসেবীদের অভয়ারণ্য। নামে পার্ক হলেও ভেতরে গাছপালা রয়েছে নামমাত্র। চারপাশের সীমানাদেয়াল ঘেঁষে রয়েছে ৯০টির মতো দোকান। তাতে ভেতরে ঢোকার তিনটি ফটকের মধ্যে পশ্চিম দিকেরটা পুরোপুরি ঢাকা পড়েছে। উত্তরেরটা আংশিক। এই আড়াল মাদকসেবীদের জন্য ঢাল হিসেবে কাজ করে।

গত রোববার দেখা যায়, বিশাল মাঠের উত্তর-পূর্ব পাশে দুটি সিমেন্টের ক্রিকেট উইকেট। মাঝখানে বেশ কিছু কিশোর-তরুণ ফুটবল খেলছেন। চারপাশে সীমানাদেয়াল ঘেঁষে বানানো বসার জায়গাগুলোতে অনেকে শুয়ে-বসে আছেন। কেউ খেলা দেখছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আসাদ অ্যাভিনিউ অংশ থেকে মাঠে ঢুকে হাতের ডান পাশের অবস্থা খুবই বিপর্যস্ত। গোটা মাঠে কোনো শৌচাগার না থাকায় জায়গাটিকে সবাই প্রস্রাব করার জায়গা হিসেবে বেছে নিয়েছে। সেখানে আবর্জনার স্তূপ। মাঠসংলগ্ন মসজিদের দেয়ালের কাছে শুয়ে আছে দুটি গরু। এখান থেকে দক্ষিণ-পশ্চিম অংশে শহীদ মিনারের কাছে কিছু লোক দিনদুপুরেই গাঁজার আসর বসিয়েছেন। প্রকাশ্যেই চলছে প্রস্তুতি ও সেবনপর্ব।

বর্তমানে মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে মোহাম্মদপুর শহীদ পার্ক ক্রীড়া চক্র। ক্লাবের সদস্যরাই মাঠ খোলেন, বন্ধ করেন। কথা হয় ক্লাবের সভাপতি শাহজাহান বাদলের সঙ্গে। তিনি অবশ্য মাঠে মাদকসেবনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তবে তাঁর কথায় মাঠে কোনো শৌচাগার না থাকাসহ আরও কিছু সমস্যার কথা উঠে আসে। তিনি বলেন, বছরের নানা সময় এই মাঠে বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাঠে খেলার পরিবেশ নষ্ট হয়। এ ছাড়া সামান্য বৃষ্টিতে মাঠটি পুরোপুরি খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এ জন্য বাড়তি মাটি ফেলে মাঠে ঘাস লাগানো খুবই প্রয়োজন।

মাঠের পরিবেশ নিয়ে ইকবাল রোডের এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, এটা নামে পার্ক। কিন্তু পার্কের কোনো চিহ্ন এখানে নেই। এখানকার পরিবেশটা একটু উন্নত হলে এলাকার সবার বেড়ানোর জন্য একটা আদর্শ জায়গা হতে পারত।

এদিকে মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার আটটি পার্ক ও খেলার মাঠের নকশা প্রণয়নে স্থানীয় বাসিন্দাদের অংশী করে তোলার জন্য গত শনিবার এলাকার সূচনা কমিউনিটি সেন্টারে একটি অংশগ্রহণমূলক সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ভিত্তি স্থপতিরা। সেখানে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী নাইমুল আজিজ মাঠটি ঢেলে সাজাতে চারপাশের দোকান সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। পাশাপাশি তিনি শব্দ ও বায়ুদূষণরোধে চারপাশ দিয়ে প্রচুর গাছ লাগানোর পরামর্শ দেন। একই সঙ্গে মাঠটি যাতে কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়, সে ব্যাপারে তাগিদ দেন তিনি।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ প্রকল্পের আওতায় শহীদ পার্কসহ ডিএনসিসির ২২টি পার্ক ও ৪টি খেলার মাঠের উন্নয়ন করা হবে। এর ভৌত কাজ শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। সংস্কার ও আধুনিকায়নের পর এসব পার্ক পরিচালনা ও ব্যবস্থাপনার কাজে ডিএনসিসির পাশাপাশি স্থানীয় ব্যক্তিরাও যুক্ত হবেন। তখন এ ধরনের সমস্যা আর থাকবে না।

শনিবারের সভায় উপস্থিত স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেন, এই পার্কগুলো দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের জন্য যা যা করার দরকার, তা তিনি করবেন।