পার্কের দাবিতে শিশুরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা পার্কের দাবিতে গতকাল বুধবার সকালে রাস্তায় নেমে আসে। তারা শহরের সার্কিট হাউসের দক্ষিণ পাশে অবস্থিত শেখ রাসেল শিশু পার্কের সামনের সড়কে জড়ো হয়।
২০১১ সালের ৩ মে শহরের সার্কিট হাউসের দক্ষিণ পাশে শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর নামকরণ করা হয় ‘শেখ রাসেল শিশু পার্ক’। এই শিশু পার্কের নির্মাণকাজ বাস্তবায়নে রয়েছে পটুয়াখালী জেলা পরিষদ। পাঁচ একর জায়গার ওপর পার্কটির মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণ করাও হয়েছে। কিন্তু এরপরও শিশু পার্কটির বাস্তবায়ন হচ্ছে না।
এ অবস্থায় গতকাল সকালে শিশুরা শেখ রাসেল শিশু পার্কের দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে।
শিশু অধিকার রক্ষা কমিটি, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা ব্যানার, প্লাকার্ডসহ ও মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয়। ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, পাঁচ একর জমির ওপর এই পার্কটি নির্মিত হবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ, মাটি ভরাট ও সীমানাপ্রাচীরের নির্মাণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২০১৫ সালের ১৭ জুন আরও এক কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এখন কনসালট্যান্ট নিয়োগের প্রক্রিয়া চলছে।