পার্কের মতো বন সংরক্ষণ করলে চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন যথাযথভাবে রক্ষা করতে হবে। বনকে সংরক্ষণ করতে হলে বনের মতোই করতে হবে, পার্কের মতো নয়। সিলেট জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের বন সংরক্ষণে প্রকৃত বননির্ভর জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল বুধবার সিলেটে বেলা আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। নগরের আম্বরখানা এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে ‘সিলেটের বন সংরক্ষণ: প্রয়োজন জনমুখী ব্যবস্থাপনা ও জবাবদিহিতা’ শীর্ষক এ কর্মশালা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস। নির্ধারিত আলোচকদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারাফ উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম, সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধি সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় জামাল উদ্দিন আহমেদ বলেন, প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে সিলেট অঞ্চল খুবই সমৃদ্ধ। নানা কারণে এ সমৃদ্ধ অঞ্চলের বনসম্পদ বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সিলেটের বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মশালার শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জেড এম মনজুর রশিদ। মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রশীদ; সাংবাদিক আজিজ আহমদ, ইকরামুল কবীর; পরিবেশকর্মী আশরাফুল কবীর; উন্নয়নকর্মী এ টি এম বদরুল ইসলাম; মৌলভীবাজার জেলার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
মুক্ত আলোচনায় বক্তারা সম্প্রতি নির্বিঘ্নে ট্রেন চলাচলের অজুহাতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ কাটার নির্দেশনায় আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, এমনিতেই দেশে বনাঞ্চলের অবস্থা নাজুক। তার ওপর লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ কেটে উজাড় করা হলে এই অঞ্চলের পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই পরিবেশের স্বার্থে গাছ না কেটে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।