পার্থ গোপালের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ গোপাল বণিক
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রোববার আপিল করার বিষয়টি উল্লেখ করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালত বলেছেন, বিষয়টি সোমবার কার্যতালিকায় আসবে।

এ মামলায় ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আগামী ১৫ জুলাই পর্যন্ত পার্থ গোপালের জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারামুক্তি পান।

বিশেষ জজ আদালত-৫-এর এ আদেশের বিরুদ্ধে দুদক আজ হাইকোর্টে আপিল করেছে বলে জানান খুরশীদ আলম খান।

২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপালের বাসায় অভিযান চালায় দুদক। অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে পার্থ গোপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন, অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়।

এ মামলায় গত বছরের ২৪ আগস্ট পার্থ গোপালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। একই বছরের ৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।