মানুষ, শস্য ও প্রাণীর জন্য ক্ষতিকর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশকে এখনই সাবধান হতে হবে। নয়তো ১০ বছরের মধ্যে এই আগাছা দেশের এক-তৃতীয়াংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ অ্যাডকিনস দেশের দক্ষিণাঞ্চল ও রাজশাহী এলাকা ঘুরে গতকাল বুধবার এই আশঙ্কার কথা বলেন। পার্থেনিয়াম পরিস্থিতি দেখার জন্য ১৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। গতকাল তিনি রাজশাহীর চারঘাট, পবা, মোহনপুর ও নওগাঁর মান্দা উপজেলার পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। মান্দা উপজেলার শাহ কৃষিতথ্য পাঠাগারে শতাধিক কৃষকের উপস্থিতিতে পার্থেনিয়ামের ভয়াবহতা তুলে ধরেন অস্ট্রেলীয় এই আগাছা বিশেষজ্ঞ। তিনি ২০ বছর ধরে অস্ট্রেলিয়ায় পার্থেনিয়াম নিয়ে কাজ করছেন। স্টিভ অ্যাডকিনস বলেন, যশোরে রাস্তার ধারে ছাড়াও পেঁয়াজ, হলুদ, শিমখেত ও কলাবাগানে তাঁরা পার্থেনিয়াম দেখেছেন। স্টিভ অ্যাডকিনস আরও বলেন, পার্থেনিয়ামের ফুলের রেণু থেকে মানুষের অ্যালার্জি, হাঁপানি ও চর্মরোগ হয়। ফসলের খেতে এই আগাছা থাকলে উৎপাদন ও গুণগত মান দুই-ই কমে যাবে।