পার্বতী বাউলকে অরিন্দমের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পার্বতী বাউলকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়। অরিন্দমের ৪০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পার্বতী বাউলকে এই সম্মাননা দেওয়া হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় সম্মাননা অনুষ্ঠানে পার্বতী বাউল বলেন, ‘দেশভাগ রাজনৈতিক ব্যাপার। আমাদের অন্তরকে যেন এই ভাগ স্পর্শ না করে। বাংলা তো এক। বাংলায় আমরা যেন গেয়ে যেতে পারি।’

 পার্বতী বাউলের পূর্বপুরুষের বাড়ি চট্টগ্রামের রাউজানের গুজরায়। তিনি তাঁর আদি বাড়ির খোঁজে গতকাল সকালে গিয়েছিলেন গুজরায়। এরপর সন্ধ্যায় সম্মাননা গ্রহণ করেন। পার্বতী বাউলকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অরিন্দমের সভাপতি আকবর রেজা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সম্মাননার জবাবে পার্বতী বাউল বলেন, ‘আমি ছোটবেলা থেকে ঠাকুরমার কাছে চট্টগ্রামের আমাদের বাড়ির গল্প শুনেছি। মাস্টারদার গল্প শুনেছি। এই দেশ আমার মনে সারাক্ষণই নাড়া দেয়। আমি প্রতিটা সময় এই দেশের কথা বলি। এখানে আসার ইচ্ছা আমার সেই ছোটবেলার।’

পার্বতী বাউল আরও বলেন, ‘আমি অবশেষে এই দেশে আসতে পারলাম। এই দুই দিনে আমি যা সঞ্চয় করলাম, তা গত ৫০ বছরের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। আপনাদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছে।’

পরে পার্বতী বাউল চারটি বাউলসংগীত গেয়ে শোনান।