পার্বতী বাউলের ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতী বাউলকে একনজর দেখতে ভিড় জমায় গ্রামবাসী
পার্বতী বাউলকে একনজর দেখতে ভিড় জমায় গ্রামবাসী

রাউজানের পশ্চিম গুজরার গ্রামের পারিয়ালপাড়া। কয়েক হাত অন্তর এক একটি পুকুর আর মানুষের ঘরবাড়ি। একদিকে ক্ষেত্রপাল বিগ্রহমন্দির। সামনে একচিলতে উঠান। চারপাশে ঘন গাছপালা। সেখানে চোখে পড়ে উঁচু একটি ভিটা। আগাছা আর ঝোপ-জঙ্গলে ঢাকা। ঝোপের ভেতর থেকে ঘরের সিঁড়ি উঁকি দিচ্ছে। ঘরটি যে একসময় তারই ছিল সাক্ষী দিচ্ছে যেন। বাসিন্দারা দেশান্তরী হয়েছেন। তবে আজ যেন ভিটাটি আবার জেগে উঠল। সেখানে পা ফেললেন এক বাউল। নত হয়ে শ্রদ্ধা জানালেন ভিটাকে। তারপর নিজে কোদাল দিয়ে সেখান থেকে কিছু মাটি নিয়ে আঁজলা ভরে রাখলেন। কাঁদলেন অঝোরে। ভিটার পাশেই একটি ঘাটবিহীন পুকুর। বাউল সেই পুকুরের পানিতে কান্নাভেজা চোখ ধুয়ে নিলেন। তারপর বোতল ভরে নিলেন কিছু পানি।
পুকুরের পাড় দিয়ে চলে গেছে একটি মেঠোপথ। পারিয়ালপাড়ার একজন পুরোনো বাসিন্দা বাউলকে সেই পথ দেখিয়ে বললেন, ‘পার্বতী, তোমার ঠাকুরদা যোগেশ চন্দ্র পারিয়াল ঠাকুরমা আর পিসিকে নিয়ে ১৯৬৭ সালে এই পথ দিয়েই চলে গিয়েছিলেন।’ পার্বতী বাউল অনেকক্ষণ তাকিয়ে রইলেন সেই পথের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘আজ এক দিনে আমার বহু বছরের অভিজ্ঞতা সঞ্চয় হলো। আজ ২০১৪ সালে ১ ডিসেম্বর যা পেলাম সেটি আমার সাারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে।’
এ রকম একটি দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন পার্বতী বাউল। গান করে ভারতবর্ষ থেকে শুরু করে দুনিয়া কাঁপিয়েছেন। বহু দেশ ঘুরে ভক্তদের ভালোবাসা পেয়েছেন। কিন্তু নিজের পিতৃভূমিতে কখনো আসা হয়নি তাঁর। দাদুর কাছে, বাবা বীরেন্দ্রনাথের কাছে এই বাড়ি, এই গ্রাম, ক্ষেত্রপাল মন্দির এবং এখানকার মানুষের গল্প শুনে বড় হয়েছেন। যতবার শুনতেন ততবারই তাঁর স্বপ্ন জাগত পারিয়ালপাড়ায় আসার। মনে মনে প্রতীজ্ঞা করেন, একদিন চলে আসবই। সেই সুযোগটা এসে গেল এ বছরই। সাউথ এশিয়ান উইমেন নেটওয়ারর্কের (সাংগাত) অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেলেন। আমন্ত্রণ পেয়েই তিনি উদ্যোক্তাদের জানালেন চট্টগ্রামে পিতৃভূমি দেখার ইচ্ছের কথাটি। উদ্যোক্তাদের একজন খুশি কবীর। তিনি শিল্পীর ইচ্ছে পূরণের জন্য চট্টগ্রামের সংস্কৃতিকর্মী ও উন্নয়ন ব্যক্তিত্ব কমল সেনগুেপ্তর সহায়তা চাইলেন। প্রায় দুই মাস আগেই পার্বতী বাউলের ইচ্ছের কথা জানলেন কমল সেনগুপ্ত। তারপর শুরু হলো তাঁর অভিযান। তিনি বিভিন্নজনকে ধরে, নানা মানুষের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত গেলেন সুবর্ণ রক্ষিতের কাছে। সুবর্ণ রক্ষিত রাউজানের পথেরহাটে গত ৪০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সুবর্ণ রক্ষিতকে পার্বতী বাউল সম্পর্কে বিস্তারিত জানালেন কমল। বললেন, পার্বতীর আসল নাম মৌসুমী পারিয়াল। তাঁর বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল। মা সন্ধ্যা চক্রবর্তী। ১৯৪৭ সালে দেশ ছেড়েছেন।

পার্বতী বাউল l ছবি: সৌরভ দাশ
পার্বতী বাউল l ছবি: সৌরভ দাশ

কিন্তু তাঁর দাদু যোগেশ পারিয়াল প্রায় পুরো পাকিস্তান আমলটা এ দেশে কাটিয়েছেন। তারপর চলে গেছেন। সবকিছু শুনে সুবর্ণ রক্ষিত সন্ধান দিলেন পারিয়ালপাড়ার বাসিন্দা মৃদুল পারিয়ালের। এবার দুজনেই গেলেন মৃদুলের কাছে। পার্বতীর গল্প শুনেই যেন মৃদুল ঘোরে আক্রান্ত হন। মনে পড়ে, পার্বতী বাউল মানে মৌসুমী পারিয়াল কেবল তাঁর পাড়ার মেয়েই নয়, তাঁরই জেঠা যোগেশ চন্দ্র পারিয়ালের নাতনি। পার্বতী ভারতবর্ষ জয় করেছেন বাউল গান গেয়ে। সারা পৃথিবীর গানপাগল বাঙালিরা তাঁর নাম জানে। সেই মেয়ে কিনা এখন দেশে আসতে চাইছে!
১ ডিসেম্বর সকালে ঢাকা থেকে বিমানে উড়ে চট্টগ্রাম আসার পর কমল সেনগুপ্ত তাঁকে অভ্যর্থনা জানান। তারপর মাইক্রোবাসে করে রওনা দেন গুজারার পথে। যাওয়ার সময় প্রথমে সুবর্ণ রক্ষিতকে তাঁর পাঁচলাইশের বাসা থেকে এবং মৃদুল পারিয়ালকে বহদ্দারহাট থেকে তুলে নিলেন। গাড়িতেই পার্বতী তাঁর বংশের একজনের দেখা পেলেন। দুজন যেন অনেক দিনের পরিচিত। কথাবার্তায় উষ্ণতার ছোঁয়া। মৃদুল বললেন, ‘তোমার পিতৃপুরুষের ভিটাকে আজ প্রণাম জানাবে। তোমার শেকড় চিহ্নিত করবে। তুমি আসবে বলে ক্ষেত্রপাল মন্দিরের চারপাশের ভিটেমাটিগুলো কাঁদছে। আমি তোমার কাকা। তোমার বাবা বীরেন্দ্রনাথ আমার জেঠাতো ভাই।’
প্রথম দেখাতেই এ রকম অকৃত্রিম সম্ভাষণে মুগ্ধ হলেন পার্বতী বাউল। তিনি বলে উঠলেন, ‘হ্যাঁ ঠিক বলেছেন। ক্ষেত্রপাল মন্দির। আমি অনেকবার শুনেছি এটির কথা। বাবা বলতেন এই মন্দিরের পাশেই তাঁদের ঘর।’ এমনিভাবে বাবার কাছে শোনা গল্পের সঙ্গে মৃদুলের কথার নানা অনুষঙ্গ মিলে যাচ্ছিল। আর তাতে যেন নিজের পৈতৃক ভিটা দেখার জন্য আরও অধীর হয়ে উঠলেন তিনি। কখন পথের শেষ হবে? অপেক্ষার প্রহর গুনতে গুনতে পার্বতী বলে যাচ্ছিলেন নিজের জীবনের কথা। মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার কথা। তিনি বললেন, ‘বাউল গান আগে শুনতাম না। শান্তিনিকেতনে কলাভবনে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠি। সেই ট্রেনেই হঠাৎ এক অন্ধ বাউল গান গাইছিল। তার হাতে টিনের একটি একতারা। গান শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল সুরটা বহুদূর থেকে আসছে। কেমন যেন একটা অনুভূতি গ্রাস করেছিল। আমি যে ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা ভুলেই গিয়েছিলাম। পরে আমি বুঝতে পারি একেই বাউল গান বলে। তখন আমার মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে কলাভবনে থাকার সময় আমি দূরে থাকতাম একতারা থেকে। কারণ আমার মনে হতো এই একতারা শুনলে আমার পড়ালেখা আর হবে না। আমি চলে যাব বাউল হয়ে। কিন্তু আমার প্রথম যে অ্যাসাইনমেন্ট এল সেটি হচ্ছে বাউলদের স্কেচ করা। তখন আমি বিভিন্ন আখড়াতে ঘণ্টার পর ঘণ্টা বসে খালি বাউলের ছবি আঁকতাম। আর সে সময় তাঁদের কাছ থেকে গানও শুনতাম। ক্রমাগত শুনতে থাকি তাঁদের গান। শুনতে শুনতে কিছু গান মুখস্থ হয়ে গেল। গানের যে সব অর্থ বুঝি তেমন নয়, কিন্তু জানি যে এর ভেতরে গভীর অর্থ রয়েছে। ওখান থেকেই শুরু। তারপর বন্ধুরা যখন একত্র হতাম তখন তাদের সামনে দু–একটি গান গেয়েছি। এরপর সবার প্রশংসা পেয়ে আমি উৎসাহিত হলাম। কিছূদিন ফুলমালাদির কাছে শিখলাম। উনার কাছে যখন আরও জানতে চাইলাম তখন তিনি বললেন, গুরু ধরতে হবে। সেভাবেই সনাতন দাস বাউল তারপর শশাঙ্ক গোঁসাই। সনাতন দাস থাকতেন বাকুড়ায়। কিন্তু কলাভবনে খুব আসতেন। তাঁকে সবাই ভালোবাসত। এটা ১৯৯৩-৯৪ সালের কথা।

রাউজানের পারিয়ালপাড়ায় পিতৃপুরুষের ভিটায় গান শোনাচ্ছেন পার্বতী বাউল। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
রাউজানের পারিয়ালপাড়ায় পিতৃপুরুষের ভিটায় গান শোনাচ্ছেন পার্বতী বাউল। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

কথায় কথায় পথ ফুরায়। চট্টগ্রাম শহর পার হয়ে কাপ্তাই সড়ক হয়ে হালদা নদীর ওপর মদুনা ঘাট পেরিয়ে গাড়ি চলে যায় রাউজানে। পশ্চিম গুজরার পারিয়ালপাড়ায় যাওয়ার পথে পড়ল কেরানীহাট। গাড়ি সেখানেই থামালেন মৃদুল। বললেন, ‘এখানে তোমার দাদুর একটা দোকান ছিল।’ পার্বতী বললেন, ‘চা পাতার দোকান? দাদু তো আমাকে বলেছে তার চা পাতার ব্যবসা ছিল।’ হ্যঁা ঠিক তাই, আঙুল দিয়ে দেখিয়ে মৃদুল বললেন, ‘এই যে, এখানটায় সেই দোকান ছিল।’ পথে পড়ল ১৫০ বছরের পুরোনো সাধু তারাচরণ কালীমন্দির। মন্দির দর্শনের পর আশালতা কলেজ এবং গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে গেলেন তিনি। সেখানে শিশুদের গান শোনালেন। গেলেন দুর্গামন্দিরে। সেখানে একটি ফলকে যাদের প্রেরণায় পূজা প্রতিষ্ঠিত হয়েছে তাদের একটি তালিকা রয়েছে। সেই তালিকার প্রথম নামটি পার্বতী ঠাকুরদা যোগেশ চন্দ্র পারিয়ালের।
তারপর বহু প্রতীক্ষিত সেই পারিয়ালপাড়া। সেই ক্ষেত্রপাল মন্দির। মন্দিরের মূর্তির সামনে পাটি বিছানো হলো। তিনি সেখানে বসলেন। আর পাড়ার পুরুষ মহিলারা শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে একের পর এক তাঁর মাথায় ধান দুর্বা ছঁুইয়ে দিয়ে বরণ করলেন। নিজের পিতৃভিটার মানুষের এই আতিথেয়তায় অভিভূত পার্বতী শুধু চোখের জল ফেললেন। ক্ষেত্রপাল মন্দির থেকে বেরিয়ে গেলেন নিজেদের ভিটার কাছে। এলাকারর বাসিন্দা গোপাল মল্লিক বললেন, ‘এই যে দেখছ পেয়ারাগাছ এটি তোমার বাবার আমলেও ছিল। এই যে পড়ে রয়েছে এটাও তোমাদের জায়গা।’
নিজের ভিটা থেকে মাটি আর পুকুর থেকে জল তুলে মন্দিরের উঠোনে গান গাইতে এলেন পার্বতী। সব উজাড় করে দিয়ে একতারা হাতে গেয়ে উঠলেন—‘পাগল মন যদি তুই বৃন্দাবনেই যাবি।’ পুরো গ্রাম সেখানে ভেঙে পড়েছে। গান শুনতে শুনতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনেকে চোখ মুছলেন। শীতের বেলা আর সুখের সময় তাড়াতাড়ি চলে যায়। যাবার সময় হলো। আত্মীয়রা রীতি অনুযায়ী মেয়ের হাতে তুলে দিলেন চাল, মুড়ি মোয়া। সেগুলো নেওয়ার জন্য হাত পাতলেন তিনি। যেন সারা জীবনের সবচেয়ে মূল্যবান দান গ্রহণ করছেন।