পার্বতীপুর ও তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার রাতে রংপুরের তারাগঞ্জে নৈশকোচ ও ভটভটির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হন।
গতকাল সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের এরশাদনগর মোড়ে পিকআপ ভ্যানের চাপায় শাহাদত হোসেন ওরফে সায়েম (২৩) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। শাহাদত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক ফারুক হোসেনের ছেলে। তাঁর বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) রংপুর শাখার ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে একটি ভটভটি যাত্রী নিয়ে ইকরচালী বাসস্ট্যান্ড থেকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টায় ভটভটিটি রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল নামক স্থানে পৌঁছালে রংপুরগামী একটি নৈশকোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটির যাত্রী জগদীশপুর গ্রামের বাসিন্দা কালা মিয়া (২০) নিহত হন।