পার্বতীপুর ক্যান্টনমেন্ট কলেজ বোর্ডে তৃতীয় জেলায় প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে কলেজটি দিনাজপুর জেলায় প্রথম স্থান দখল করেছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই এ কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছেন। পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ২৭২ জন অংশ নিয়ে সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১৩ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন করে জিপিএ-৫ পান। অধ্যক্ষ নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘২০০৫ ও ২০০৭ সালের এইচএসসি পরীক্ষায়ও এ কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করে। তবে এবারে পরীক্ষায় অন্য যেকোনো সময়ের তুলনায় ফলাফল অনেক ভালো। আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো ফল করার।’