পার্বতীপুর গুদাম থেকে ইউরিয়া সরবরাহ ১৪ দিন ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুর সারের গুদাম থেকে দিনাজপুর ও নীলফামারী জেলায় ইউরিয়া সার সরবরাহ ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। ট্রাকে সার ওঠানোর ন্যূনতম মজুরি টনপ্রতি ২০ টাকা করার দাবিতে গুদামের অর্ধশতাধিক শ্রমিক ১ জুলাই থেকে কর্মবিরতি শুরু করে। ফলে এই গুদাম থেকে সার সরবরাহ বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে এই গুদামের সার সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উপ মহা ব্যবস্থাপক শাহ আলম গতকাল বুধবার দুপুরে শ্রমিক নেতৃবৃন্দ ও ট্রাকে সার ওঠানোর ঠিকাদারের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, ‘আলোচনা চলছে। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।’পার্বতীপুর বাফার গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী (৪০) জানান, গুদামে প্রায় ৫০ শ্রমিক ডিলারদের ট্রাকে সার ওঠানোর কাজ করেন। ২০০৭-০৮ অর্থবছরে তাঁরা টনপ্রতি ১৫ দশমিক ৫০ টাকা করে মজুরি পেতেন। পরের অর্থবছরে তা এসে দাঁড়ায় ১১ দশমিক ০৫ টাকায়। ২০০৯-১০ অর্থবছরে তা কমিয়ে টন প্রতি ৩ দশমিক ১৫ টাকা করা হয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন অর্থবছরে তা আরও কমিয়ে ২ টাকা করা হয়। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় এই মজুরিতে তাঁদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই টনপ্রতি মজুরি কমপক্ষে ২০ টাকা করার দাবিতে ১ জুলাই থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।গুদাম সূত্রে জানা গেছে, চলতি মাসে (জুলাই) নীলফামারী জেলা ও দিনাজপুরের পার্বতীপুর এবং চিরিরবন্দর উপজেলার জন্য চার হাজার ১৯২ মেট্রিক টন ইউরিয়া সারের বরাদ্দ করা হয়েছে। মাসের প্রায় অর্ধেক সময় চলে গেলেও শ্রমিক অসন্তোষের কারণে ডিলাররা ৩০০ টনের বেশি সার উত্তোলন করতে পারেননি। পার্বতীপুর বাফার গুদামের ইনচার্জ শাহজাহান আলী জানান, গুদামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।