পার্বতীপুর-ঢাকা পথে ঈদে দুটি বিশেষ ট্রেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দিনাজপুরের পার্বতীপুর-ঢাকা রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্পেশাল-১ ও স্পেশাল-২ নামে ওই ট্রেন দুটি চালু করে পশ্চিমাঞ্চল রেলওয়ে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ দুটি বিশেষ ট্রেন চলবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদে বাড়ি ফেরা মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতি বিবেচনায় রেখে কর্তৃপক্ষ পার্বতীপুর-ঢাকা রুটে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ওই ট্রেন চালু করা হয়েছে। ট্রেনে আসনসংখ্যা হচ্ছে ৭৯৪টি, সাধারণ শোভন শ্রেণির আসন এগুলো। টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে অন্যান্য আন্তনগর ট্রেনগুলোর মতোই।
প্রতিদিন ট্রেন দুটি সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ৫০ মিনিটে। ঢাকা থেকে পার্বতীপুরের উদ্দেশে ৫টা ২০ মিনিটে ছেড়ে রাত আড়াইটায় পৌঁছাবে। ট্রেন দুটি মাঝে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসনগঞ্জ, মাধপুর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াইব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে। এসব স্টেশনে যাত্রী ওঠানামা করবে। তবে বিশেষ ট্রেনগুলো ঈদ ও ঈদের পরের দিন চলাচল বন্ধ থাকবে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শোভন রায় বলেন, ঈদের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতেই বিশেষ ট্রেন চালু হলো।