পার্বতীপুর-ঢাকা পথে বিশেষ ট্রেন কাল থেকে
ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-পার্বতীপুর রেলপথে ৭৪২ আসনের একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা-পার্বতীপুর পথে চলাচল করবে। ঈদের দিন ও পরদিন বিরতি দিয়ে চলবে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত। ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে বেলা তিনটা ১০ মিনিটে। একইভাবে ট্রেনটি ঢাকা থেকে পার্বতীপুর অভিমুখে যাত্রা করবে চারটা ২৫ মিনিটে। পার্বতীপুর পৌঁছাবে রাত দেড়টার দিকে। পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শেখ আবদুল জব্বার বলেন, ট্রেনের ৭৪২টি আসনের মধ্যে পার্বতীপুরের জন্য বরাদ্দ রয়েছে ১৮টি প্রথম শ্রেণী, ৫০টি শোভন চেয়ার ও ৩১২টি সাধারণ আসন।রেলওয়ে পশ্চিম জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল থেকে সাপ্তাহিক বন্ধের দিনেও ঢাকা-পার্বতীপুর পথের আন্তনগর সব ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন সব ট্রেন এবং ঈদের আগের দিন আন্তনগর নীলসাগর এক্সপ্রেস (৭৬৬ ডাউন) ট্রেনটি বন্ধ থাকবে। ঈদের পরদিন আন্তনগর একতা, নীলসাগর, তিতুমীর ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।