পার্বতীপুর-ঢাকা বিশেষ ট্রেন
ঈদ উপলক্ষে আজ রোববার থেকে ঢাকা-পার্বতীপুর-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন চলাচল শুরু করবে।অন্যান্য আন্তনগর ট্রেন যেমন—নীলসাগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলাচল করবে।পার্বতীপুর রেলজংশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আবদুল করিম গতকাল বেলা একটায় বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ ঢাকা-পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদ বিশেষ ট্রেন-১ ও ঈদ বিশেষ ট্রেন-২ নামে একটি আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার সকাল ছয়টায় ঈদ বিশেষ ট্রেন-২ পার্বতীপুর রেলস্টেশন (জংশন) থেকে ছেড়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বিকেল তিনটা ১০ মিনিটে। ঈদ বিশেষ ট্রেন-১ ঢাকা থেকে ছাড়বে বিকেল চারটা ২৫ মিনিটে এবং পার্বতীপুরে পৌঁছাবে দিবাগত রাত দেড়টায়।সান্তাহার জংশনের স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, বিশেষ ট্রেনের মোট নয়টি বগিতে আসন সংখ্যা হবে ৬৯০। টিকিটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৭৫, ২৩৫ ও ৩৫৫ টাকা।