পার্বতীপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতিসহ নানা খাতে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানায়, পৌর মেয়র এ জেড এম মিনহাজুল হকের বিরুদ্ধে পৌর বিধি লঙ্ঘন, দরপত্র বিধি (টেন্ডার ম্যানুয়াল) উপেক্ষা করে স্বজনদের কাজ পাইয়ে দেওয়া, একই রাস্তার কাজে দুবার দরপত্র দেখিয়ে অর্থ আত্মসাৎ, পৌরসভার তহবিল তছরুপের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে পৌরসভার বাসিন্দা এফ রহমান ডায়াবেটিস সেন্টারের পরিচালক এস এইচ সাজ্জাদ, মুক্তিযোদ্ধা আবু এহিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন, ঠিকাদার মো. রেজাউল করিম ও বস্ত্র ব্যবসায়ী মো. রেজাউল অভিযোগ করেছেন।
অভিযোগকারী এস এইচ সাজ্জাদ বলেন, ‘পৌরসভার কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি লক্ষ করা যাচ্ছে। মেয়রের এ ধরনের স্বেচ্ছাচারিতায় নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আমরা দুদকে অভিযোগ করেছি।’
গতকাল মঙ্গলবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ জানান, ‘তদন্ত চলছে। প্রথমত, অভিযোগকারীদের সঙ্গে এসব বিষয়ে কথা বলা হয়েছে। মাঠপর্যায়ে তদন্ত করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। আমরা মেয়রের বক্তব্যও গ্রহণ করব।’
মেয়র এ জেড এম মিনহাজুল হক দাবি করেন, ‘আমি শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করি। আমার প্রতিপক্ষ রয়েছে। তাদেরই কেউ এমন অভিযোগ করে থাকতে পারে।’ দুদকের তদন্ত চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চিঠি পেয়েছি।’