পার্বতীপুর-রংপুর নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের সুন্দরীপাড়া রেলগেটের ডিভাইডার ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক গত রোববার রাতে রেললাইনের ওপর উঠে যায়। এতে পার্বতীপুর-রংপুর রেলপথে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে এ পথের ট্রেনযাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পাথর সরানোর পর দুপুর ১২টার দিকে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে নুড়ি পাথর নিয়ে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে ওই দিন (রোববার) দিবাগত রাত তিনটার দিকে ঘন কুয়াশার কারণে ট্রাকটির সঙ্গে সুন্দরীপাড়া রেলগেটের রোড ডিভাইডারের ধাক্কা লাগে। এতে ট্রাকটির পেছনের অংশ ভেঙে পার্বতীপুর-রংপুর রেললাইনের ওপর পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলওয়ের উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও পাথর উদ্ধারের কাজ শুরু করেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে ফেলতে সক্ষম হন। এরপর এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই রেলপথের যাত্রী আহসান হাবিব বলেন, ‘আমি অসুস্থ বাবাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু ওই ঘটনার কারণে সকাল ৬টার ট্রেন দুপুর ১২টায় ছাড়ে। এতে বাবাকে নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়।’