পার্বতীপুর শহরে যানজটে নাকাল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরে প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। বাইপাস সড়ক ব্যবহার না করে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন শহরের ভেতর দিয়ে চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে।
শহরের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, নতুন বাজার প্রধান সড়কে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করানো হয়। অন্যদিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের ওপর নির্মাণ করা হয়েছে দোকানপাট। এতে মহাসড়ক অপ্রশস্ত হয়ে পড়ছে। এ ছাড়া পৌর শহরের বিভিন্ন স্থানের সড়কে দূরপাল্লার যানবাহনগুলোতে যাত্রী ওঠানামা হয়। এসব কারণে প্রায় প্রতিদিনই শহরে তীব্র যানজট লেগে থাকে। পৌরবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পৌর কর্তৃপক্ষ যানজট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না।
মোজাফফর নগর মহল্লার মিনহাজুল সরকার বলেন, নর্দমাব্যবস্থা একেবারেই নিম্নমানের। শহর থেকে দ্রুত পানিনিষ্কাশনে ছোট-বড় নর্দমা থাকলেও পরিষ্কার করা হয় না বছরের পর বছর। এখন রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতে নর্দমার ময়লা রাস্তায় উঠে পড়ে। একে তো যানজট, তার ওপর নোংরা পানি। হেঁটে যাওয়াও মুশকিল হয়ে পড়ে। ভোগান্তির আর সীমা থাকে না।
পৌরসভার মেয়র এ জেড এম মিনহাজুল হক বলেন, যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শহরের অন্য সমস্যাগুলো সমাধানেও পৌর পরিষদ শিগগিরই কাজ করবে।