পার্বতীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ২৫
দিনাজপুরের পার্বতীপুরে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবের নেতৃত্বে একটি বস্তিতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এ সময় ওই বস্তির বিক্ষুব্ধ কয়েক শ বাসিন্দা তাঁকে চার ঘণ্টা আটকে রাখে। পরে ক্ষতিপূরণ ও ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে আত্মীয় ও দলীয় সমর্থকেরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন আশঙ্কাজনক অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। জানা গেছে, পার্বতীপুর শহরের নিকটবর্তী রামপুর ইউনিয়নের আমেরিকান ক্যাম্প বস্তি এলাকায় রেলের জমি আছে। সেই জমি ইজারা নিয়ে পুকুর কেটে তাতে মাছ চাষ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব সরকার। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেখানে কাজ করছিলেন তাঁর কর্মচারীরা। এ সময় বস্তির তিন কিশোর মাছ ধরার জন্য পুকুরের কাছে গেলে দুজন পাহারাদার তাঁদের ধাওয়া করেন। এ নিয়ে আনোয়ার নামে বস্তির এক বাসিন্দার সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে আবদুল ওহাবের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বেলা সাড়ে ১১টার দিকে বস্তিতে হামলা চালান। এতে ২৫ জন আহত হন। পরে বস্তির ২০০ বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁরা আবদুল ওহাবকে ঘেরাও করে রাখেন। আবদুল ওহাব দাবি করেন, ‘বস্তির কিছু লোক প্রায়ই তাঁর পুকুরপাড়ের গাছপালা গরু-ছাগল দিয়ে খাওয়ান এবং পুকুরের মাছ ধরেন। তাই তাদের মারধর নয়, শাসানোর জন্য বস্তিতে গিয়েছিলাম।’
পার্বতীপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।