পার্বতীপুরে একই পরিবারের আরও তিনজন আক্রান্ত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যাংক কর্মকর্তার পরিবারের নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে একই পরিবারের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪। সব মিলে এ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫। তবে তাঁদের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগী মানিক শাহ গত মঙ্গলবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
গত সোমবার করোনায় আক্রান্ত সন্দেহে ব্যাংক কর্মকর্তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এতে পরের দিন রাতে ব্যাংক কর্মকর্তার বাবা, ভাই ও ভ্রাতৃবধূর দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী জানান, এর আগে গত ৯ এপ্রিল পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লায় মানিক শাহ (২৫) নামে নারায়ণগঞ্জফেরত এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়। পরে ২ মে পাশের উপজেলার সৈয়দপুর শহরের একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এর পরপরই উপজেলার রামপুর ইউনিয়নের বড় বৃত্তিপাড়ায় আক্রান্তের পরিবারসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। বর্তমানে ওই এলাকায় লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপির সদস্যরা।
এদিকে পার্বতীপুরে প্রথম শনাক্ত করোনা রোগী মানিক শাহ (২৫) দীর্ঘ ১৭ দিন পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে এখন করোনামুক্ত। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁকে করোনা মুক্তির ছাড়পত্র ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফীসহ ডাক্তার ও চিকিৎসা সহকর্মীরা।