পার্বতীপুরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ির লোকজন হযরত আলী নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী (৩০) উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দক্ষিণডাঙ্গা বাঘাচোড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ শনিবার বিকেলে নিহতের শ্বশুরবাড়ির পাশের ছোট যমুনা নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহতের গলা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রোববার নিহতের বাবা মজিবুর রহমান পার্বতীপুর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে আট-নয় মাস আগে হযরত আলীর সঙ্গে চন্দ্রপুর গ্রামের মৃত হাফেজ উদ্দিনের মেয়ে রোজিনার (২০) বিয়ে হয়। দেড় মাস আগে রোজিনাকে হযরত আলী মারধর করলে তিনি চন্দ্রপুরে বাবার বাড়িতে চলে যান। শুক্রবার হযরত আলী মা-বাবার সঙ্গে ঝগড়া করে ২০ হাজার টাকা নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা ও পার্বতীপুর থানার উপপরিদর্শক মমিন জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।