পার্বতীপুরে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আটটি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রে গতকাল শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ও জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল আটটায় কড়া নিরাপত্তা-ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। এর ১৫ মিনিটের মাথায় বেলাইচন্ডি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা প্রায় ৪০ জন সমর্থক নিয়ে তাঁর গ্রামের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেন। এর কিছুক্ষণের মধ্যে তাঁরা প্রায় ৮০০ ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরতে থাকেন। পরিস্থিতি সামলাতে না পেরে কেন্দ্রের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা তহিজ উদ্দীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে র্যা ব, বিজিবি ও পুলিশের টহল দল ওই কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক বলেন, এ ঘটনার পরপরই ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। কেন্দ্রের সব নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তহিজ উদ্দীন বাদী হয়ে নুর মোহাম্মদ রাজাসহ তাঁর প্রায় ৪০ জন কর্মী-সমর্থককে আসামি করে গতকাল পার্বতীপুর মডেল থানায় একটি মামলা করেছেন।