পার্বতীপুরে ক্ষতির মুখে অনেক কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পাজাম ধানের পর এবার সুগন্ধি জিরাশাইল (ব্রি ধান-৩৪) ধানখেতে ব্যাপক আকারে ছত্রাকজনিত নেক ব্লাস্ট, গিট ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এ রোগের কারণে কোনো কোনো জমির শতকরা ২৫ থেকে ৫০ ভাগ ফসল বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকেরা।
প্রাথমিক অবস্থায় সঠিকভাবে রোগ শনাক্ত করতে না পারায় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও কোনো উপকার পাননি কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ ইউনিয়নে ২৭ হাজার ২৩০ হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়। এর মধ্যে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে ভারতীয় গুটি স্বর্ণা ও আট হাজার ১৫০ হেক্টর জমিতে জিরাশাইল (ব্রি ধান ৩৪) ও বাকি পাঁচ হাজার ৮০০ হেক্টর জমিতে অন্য জাতের ধান আবাদ করা হয়।
সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, জিরাশাইলের সব ধানখেত এ রোগে আক্রান্ত হয়েছে। বাঘাচড়া গ্রামের আলিমুদ্দিন, কৌবত্যপাড়া গ্রামের জোতিষ চন্দ্র ও সিংগিমারী কাজীপাড়া গ্রামের মশিউর ও জলিলের জমিতে এ রোগের প্রকোপ বেশি চোখে পড়ে। তাঁদের জমির ৫০-৬০ ভাগ ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কয়েকজন কৃষক জানান, এ রোগে আক্রান্ত ধানখেতের শীষের গোড়া ও গিঁটে কালচে দাগ দেখা দেয়। পরে শুকিয়ে গিয়ে শীষ ভেঙে পড়ে। ধান আংশিক বা সম্পূর্ণ চিটায় পরিণত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া গুলশান আরা জানান, এটি ছত্রাকজাতীয় রোগ। ট্রাইসাইক্লোজল, কার্বোন্ডাজিম ও কপার অক্সিক্লোরাইড গ্রুপের ট্রুপার, নাটিভো, ব্যাভিস্টিন, ফিলিয়া, টপগান ও কুপ্রাভিট প্রভৃতি ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করে এর রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।