পার্বতীপুরে খুরারোগে ১১টি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মোকলেছপুর, নওদাপাড়া, চান্দাপাড়া ও বেলাইচণ্ডী ইউনিয়নের ব্রমেঞ্চাত্তর ডাঙ্গাপাড়া গ্রামে খুরারোগ দেখা দিয়েছে। এর মধ্যে ঈদের দিন থেকে গত বুধবার পর্যন্ত নওদাপাড়া গ্রামে এ রোগে ১১টি গরু মারা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, নওদাপাড়া গ্রামের ওমর আলীর ছয়টি, আবদুল মান্নানের একটি, সোহরাব হোসেনের একটি ও ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল মেম্বারের তিনটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, এই ১১টি গরুর দাম প্রায় চার লাখ টাকা।
ছয়টি গরু হারানো ওমর আলী চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘এতগুলো গরু মারা গেল। আমি শেষ হয়ে গেছি।’
পার্শ্ববর্তী চান্দাপাড়া গ্রামের দুই ভাই সাইদুর রহমান ও শামসুর রহমান জানান, তাঁদের পরিবারের নয়টি গরু আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুগুলোর মুখ দিয়ে অনবরত লালা ঝরছে। গরুগুলো খুঁড়িয়ে হাঁটছে। এ ছাড়া পশুগুলো খাবার খাওয়াও ছেড়ে দিয়েছে।
পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ওই এলাকার সুস্থ গরুগুলোকে প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। অসুস্থগুলোরও চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, ‘এ উপজেলায় প্রায় দেড় লাখ গরু আছে। সে তুলনায় পর্যাপ্ত টিকা নেই তাঁদের কাছে। তবে খোলাবাজারে টিকা কিনতে পাওয়া যাচ্ছে। গরুর মালিকেরা কিনতে চাইলে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করে দেব।’ তবে পশুগুলোকে সারা বছর নিয়মিত টিকা দেওয়া হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না বলে তিনি মত প্রকাশ করেন।