পার্বতীপুরে জামায়াত শিবিরের হামলায় তিন আ.লীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত মঙ্গলবার জামায়াত-শিবিরের হামলায় তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। ইসলামি জলসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করায় জামায়াত-শিবির ওই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণশালন্দার কচুয়াপাড়া গ্রামে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন মঙ্গলবার ইসলামি জলসার আয়োজন করে। বেলা আড়াইটার দিকে দ্বিতীয় বক্তা মাওলানা ফিরোজ আল মামুন তাঁর বক্তব্যের শুরুতে বলেন, দেশটা কি কারও বাপের ভিটা? বলেই কাদের মোল্লার ফাঁসি, প্রধানমন্ত্রীর ওমরাহ হজ পালন ও মাথায় ঘোমটা না দেওয়া প্রসঙ্গে নানা কটূক্তি করতে থাকেন। এ সময় সমাবেশে উপস্থিত কয়েকজন ওই বক্তব্যের প্রতিবাদ জানান। এর পরও সমালোচনা বন্ধ না হওয়ায় বিকেল সাড়ে তিনটার দিকে ৫০-৬০ জন সভাস্থল ত্যাগ করার সময় ১৫-২০ জন জামায়াত-শিবির কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী জসিম উদ্দিন, রশিদ ও রফিক আহত হন। গুরুতর আহত জসিম ও রফিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর পরই ওই মাহফিল ভন্ডুল হয়ে যায়।