পার্বতীপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্রের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা গ্রহণের জন্য এবার দিনাজপুর শিক্ষা বোর্ড ১৭টি কেন্দ্রের অনুমতি দিয়েছে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল আটটি। এর মধ্যে দুটি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। এত বেশি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ উপজেলা প্রশাসন। আজ (৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা।দিনাজপুর বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর পার্বতীপুরের আটটি কেন্দ্রে চার হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এবার পরীক্ষার্থী ২৫১ জন বেড়েছে। কিন্তু কেন্দ্রের সংখ্যা আটটি থেকে বাড়িয়ে ১৭টি করা হয়েছে। জেএসসিতে ৭১টি এবং জেডিসিতে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রে পার্বতীপুর-জি যশাই উচ্চবিদ্যালয় ও পার্বতীপুর-বি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধার্থে যশাই স্কুলের ৬৮ জন পরীক্ষার্থীর জন্য দোয়ানিয়া উচ্চবিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক উচ্চবিদ্যালয়ের ১২০ জন পরীক্ষার্থীর জন্য ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়কে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হিসেবে সেখানে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। শহর থেকে ১২-১৪ কিলোমিটার দূরের ভেন্যু কেন্দ্র দুটিতে পরীক্ষা গ্রহণ নিয়ে বিপাকে পড়েছে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্র কর্তৃপক্ষ। জ্ঞানাঙ্কুর উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব আশেক উল্লাহ জানান, তাঁর কেন্দ্রে ১৮টি স্কুলের এক হাজার ২৩৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে ১২-১৪ কিলোমিটার দূরে আরও দুটি ভেন্যু কেন্দ্র পরিচালনা করা কষ্টকর। তবুও প্রশাসনের নির্দেশে এ দায়িত্ব নিতে হয়েছে।উপজেলা জেএসসি-জেডিসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, এতগুলো কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্বল্পসংখ্যক সদস্য নিয়ে সুষুমভাবে পরীক্ষা পরিচালনা করা সহজ হবে না। এ ছাড়া এত বেশি কেন্দ্রের জন্য তিনি কোনো সুপারিশও করেননি।দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম বলেন, বিভিন্ন সুপারিশের কারণেই কেন্দ্রের সংখ্যা বেড়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলার পরীক্ষাকেন্দ্র নির্ধারণের দায়িত্বে ছিলেন বোর্ডের সচিব। তিনি কীভাবে কেন্দ্রগুলোর অনুমোদন দিয়েছেন তা তাঁর জানা নেই। নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য একটি উপজেলায় কোনোভাবেই ছয়-সাতটির বেশি কেন্দ্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।