পার্বতীপুরে ট্রাকের চাপায় খনিশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় রেজাউল প্রামাণিক (২৮) নামের একজন খনিশ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে পার্বতীপুর উপজেলার শেরপুর দোতলা মসজিদ মোড়ের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাসিকোপা গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন তৃতীয় ইউনিটের (২৭৫ মেগাওয়াট) একজন শ্রমিক ছিলেন।

হাবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার বলেন, প্রতিদিনের মতো রেজাউল বাড়ি থেকে বাইসাইকেলে করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে কাজে যাচ্ছিলেন। পথে শেরপুর দোতলা মসজিদ মোড়ে ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী একটি ট্রাক ধাক্কা দিলে রেজাউল সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি আবার চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বড়পুকুরিয়া (পার্বতীপুর) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।