পার্বতীপুরে ট্রেনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে দিনাজপুরের পার্বতীপুর রেল জংশনে ট্রেনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা। টিকিটের অভাবে গন্তব্যে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে যাত্রীদের। কাউন্টার খোলার আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব ট্রেনের টিকিট।
চাহিদার ১০ ভাগ টিকিটও দিতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। ১৫ জুলাই পর্যন্ত ঢাকাগামী চারটি ট্রেনের টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেল জংশন থেকে আটটি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে চললেও ঢাকা অভিমুখে চলাচল করছে দ্রুতযান, একতা, নীলসাগর এবং সেই সঙ্গে ঈদ উপলক্ষে একটি স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে। একতা ট্রেনের জন্য পার্বতীপুরে চেয়ার শোভন ২০টি ও সাধারণ চেয়ার ৩০টি আসন, দ্রুতযান ট্রেনের জন্য চেয়ার শোভন ২০টি ও সাধারণ চেয়ার ৩০টি আসন এবং নীলসাগর ট্রেনের জন্য চেয়ার শোভন ১৬২টি ও এসি বার্থ ৬টি আসন বরাদ্দ রয়েছে। পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র, লোকোমোটিভ কারখানা, মিশনারি ল্যাম্ব হাসপাতাল, রেলওয়ে অয়েল হেড ডিপো পার্বতীপুর মিলে পাঁচটি রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এলাকা থাকার পরও আন্তনগর ট্রেনগুলোর পার্বতীপুরের জন্য বরাদ্দ থাকা আসন অপ্রতুল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত মঙ্গলবার উপজেলার হরিরামপুর থেকে টিকিট নিতে আসা যাত্রী রমজান আলী বলেন, তিনি সোমবার রাত ১১টায় লাইনে দাঁড়িয়েছেন টিকিটের জন্য। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি টিকিট কাউন্টারের সামনে পৌঁছাতে পারলেও ঢাকা যাওয়ার একটি টিকিটও সংগ্রহ করতে পারেননি। তাঁর অভিযোগ, স্থানীয় কিছু চিহ্নিত যুবক সন্ধ্যা থেকে টিকিট কাউন্টারের সামনে লাইন ধরে টিকিট কেটে রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে এক রেল কর্মচারী বলেন, অনেক রেল কর্মচারীই টিকিট পাননি। কালোবাজারিরা নিজে এবং দুই থেকে তিন শ টাকায় ভাড়া করে লোক এনে লাইনে রেখেছে টিকিট কাটার জন্য। অনেকেই মহিলাদের পর্যন্ত ভাড়া করে লাইনে রাখছে। এরা কোনো দিনই ঢাকা যায় না, যাত্রীবেশে শুধুই টিকিট কাটে। তারা বাইরে প্রতিটি টিকিট দ্বিগুণ দামে বিক্রি করছে।
পার্বতীপুরের স্টেশনমাস্টার জিয়াউল হক বলেন, পার্বতীপুর থেকে যাত্রী চাহিদার ১০ ভাগ টিকিটও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গুরুত্বপূর্ণ লোকদের জন্য বরাদ্দ থাকা এসির আসন কম হওয়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। পাঁচ দিন আগে সব টিকিট শেষ হয়ে গেছে।