পার্বতীপুরে তেল চুরির ঘটনায় দুই রেলচালক বরখাস্ত
দিনাজপুরের পার্বতীপুরে রেলের ইঞ্জিন থেকে ডিজেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলইঞ্জিনের চালক আবদুর রশিদ ও সহকারী চালক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (পাকশী) রফিকুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে পার্বতীপুরের ভবানীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের ৬০১০ নম্বর রেলইঞ্জিন থেকে চালকদের সহযোগিতায় তেল চুরির খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া তেল চুরির ঘটনা তদন্তে পার্বতীপুর লোকোশেডের (ইঞ্জিন ছাউনি) রক্ষণাবেক্ষণ পরিদর্শক (এমআই) নূরুল কালামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে তেল চুরির ঘটনায় জড়িত রেল কর্মচারীদের রক্ষা করার জন্য রেলওয়ের একটি মহল তৎপরতা শুরু করেছে বলে রেলওয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তেল চুরি ঘটনা আড়াল করতে অভিযুক্ত ইঞ্জিনচালক আবদুর রশিদ বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর রেল থানায় একটি অভিযোগ দেন। এতে তেল চুরির মামলার বাদী মাহমুদুল হাসানকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, মাহমুদুল হাসান সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। এ ছাড়া তদন্ত দলকে বিভ্রান্ত করার জন্য পার্বতীপুর রেল থানার মালখানায় রাখা (জব্দকৃত) চার জারিকেনভর্তি ডিজেল পাল্টে কেরোসিন ভরা হয়েছে বলে জানা গেছে।ইঞ্জিনচালক আবদুর রশিদের অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, জারিকেনের ডিজেল পাল্টানোর অভিযোগ সঠিক নয়।