পার্বতীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দিনাজপুরের পার্বতীপুরে সাইবুদ্দিন (৪৫) নামের একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। উপজেলার মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর ডুঙ্গুপাড়া গ্রামে গত বুধবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে নিহত সাইবুদ্দিনের ভাতিজি রোজিনা বেগম (২৫), মা মমিরন নেছা (৮০), ভাই মমিনুল ইসলাম (৫০) ও জামিল হোসেনকে (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও মেয়ে শাহানাজ বেগমকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইবুদ্দিনের বাড়ির পাশে তাঁর ফুফু মমেনা বেগমের (৬৫) নয় শতক জমি রয়েছে। এই জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। গত মঙ্গলবার জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। এতে সাইবুদ্দিনের স্কুলপড়ুয়া মেয়ে শাহানাজ আহত হয়। এর জের ধরে বুধবার রাত ১১টার দিকে মমেনার সমর্থক ৩০-৪০ ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে সাইবুদ্দিনের বাড়িতে হামলা চালান ও ভাঙচুর করেন। এতে বাধা দিতে গিয়ে সাইবুদ্দিন ও তাঁর পরিবারের ছয় সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় সাইবুদ্দিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত তিনটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।