পার্বতীপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোড়াখাই বানিয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে একজন শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৫৫)। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার নখৈড় গ্রামে। পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুরের খোড়াখাই বানিয়াপাড়া গ্রামের জীতেন্দ্রনাথের সঙ্গে তাজনগর গ্রামের অবির উদ্দিনের আট বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বছর ওই জমিতে অবির উদ্দিন ধান চাষ করেন। বৃহস্পতিবার রাতে জীতেন্দ্রনাথ ওই জমিতে ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জীতেন্দ্রনাথ, তাঁর মা চকোবালা (৬৫), স্ত্রী তুলোবালা (৪২) ও ভাতিজি মিরা (৩২) এবং অবির উদ্দিনের পক্ষের জয়নাল (৪৬) ও আবদুল জলিল (৫৫) আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জীতেন্দ্রনাথকে দিনাজপুর এবং আবদুল জলিলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আটটায় জলিল মারা যান।