পার্বতীপুরে নদীর খননকাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া জলদাড়া নদীর প্রায় ১৩ একর জায়গার মালিকানা দাবি করেছেন নদীতীরবর্তী চণ্ডীপুর ইউনিয়নের ছোট হরিপুর গ্রামের মৃত আবদুল বাকী মুন্সির ছেলেরা। এ কারণে নদীর দুই দশমিক নয় কিলোমিটার এলাকার খননকাজ স্থগিত করেছে কর্তৃপক্ষ।গত বছরের ২৯ নভেম্বর আবদুল বাকী মুন্সির ছেলে আবদুল মজিদ মুন্সি, আবদুস সালাম মুন্সি, আবদুর রউফ মুন্সি ও আলতাফ হোসেন মুন্সি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনিট-২ পার্বতীপুর জোনের সহকারী প্রকৌশলী বাসুদেব দে বরাবর লিখিত আবেদনে নদীর ওই অংশের (তফসিল- জেএল নম্বর ৩০, আরএস খতিয়ান ১৭-১, দাগ ৪৩৫৮, ৪৩৭৪, ৪৩৭৫, ৪৩৮৯ ও ৪৩৯০। মোট জমির পরিমাণ ১২.৭০ একর) মালিকানা দাবি করেন। ফলে এ বছর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প’-এর আওতায় জলদাড়া নদীর খননকাজ স্থগিত করেছে কর্তৃপক্ষ। জায়গার মালিকানা দাবিদার আবদুল মজিদ মুন্সি বলেন, ‘১৯৬২ সালে আমাদের নামে এটি রেকর্ডভুক্ত হয়। দাদার আমলে খাজনা পরিশোধ না করায় সেটি নিলাম হয়ে যায়। পরে আবার আমরা সেটি কিনি। এ ছাড়া এর মালিকানা নিয়ে অনেক দিন মামলা চলেছে। ১৯৮১ সালে আদালত আমাদের পক্ষে রায় দেন।’সহকারী প্রকৌশলী বাসুদেব দে বলেন, নদীর মালিকানা দাবি করে যেসব নথি জমা দেওয়া হয়েছে তার ভিত্তি তেমন জোরালো নয়। তিনি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত ও মাপজোক করে এর নিষ্পত্তি করা হবে।