পার্বতীপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে এতিমখানা থেকে নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা। পার্বতীপুর প্রেসক্লাবে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে ওই শিশুর নানি আলতা বানু ও তাঁর মা হাসনা বানু এ দাবি জানান।
ওই শিশুর নাম আবুল হায়াত (১০)। সে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর আনন্দবাজার গ্রামের মমিনুর রহমানের ছেলে।
আবুল হায়াতের নানি আলতা বানু জানান, গত বছর তিনি তাঁর নাতিকে পার্বতীপুরের দুস্থ এতিম আবাসিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করেন। গত ৬ নভেম্বর থেকে তাঁর নাতি নিখোঁজ রয়েছে। এ খবর পেয়ে আবুল হায়াতের মা হাসনা বানু এতিমখানায় আসেন। কিন্তু এতিমখানার পরিচালক মনসুর-উর-রহমানের ছেলে হাবিব-উর-রহমান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ পরিস্থিতিতে শিশুটির নানি আলতা বানু গত ১৭ জানুয়ারি এতিমখানার পরিচালকসহ চারজনকে আসামি করে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, মামলা করায় পরিচালকের ছেলে হাবিব বারবার মুঠোফোনে হত্যার হুমকি দিচ্ছেন তাঁদের।
মনসুর-উর-রহমান জানান, ঘটনার দিন শিশুটি জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তিনি গত ৮ নভেম্বর পার্বতীপুর থানায় একটি জিডি করেছেন।
পার্বতীপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে।