পার্বতীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১
দিনাজপুরের পার্বতীপুরে দুধবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পার্বতীপুর-রংপুর সড়কের ঝেল্লার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার পূর্ব হুগলিপাড়া গ্রামের মমতাজ আলী (৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার জমিরহাট থেকে ছয়-সাতজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঝেল্লার মোড় এলাকায় রংপুরগামী দুধবাহী ওই পিকআপ ভ্যানটি ইজিবাইককে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের ওই যাত্রী নিহত ও পাঁচজন আহত হন। আহত যাত্রীদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।