পার্বতীপুরে পূজামণ্ডপ পরিদর্শনের আড়ালে শোডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের আড়ালে সম্ভাব্য মেয়র ও ইউপি চেয়ারম্যান প্রার্থীরা ব্যাপক নির্বাচনী শোডাউন করেছেন। বিশেষ করে নবমী ও দশমীর দিন মোটরসাইকেল আরোহী শত শত কর্মী-সমর্থক নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখা যায় তাঁদের। এর মধ্যে পার্বতীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবদুল ওহাব সরকার সর্বাধিকসংখ্যক মোটরসাইকেল নিয়ে পূজামণ্ডপ ঘুরে পূজারিদের সঙ্গে কুশলবিনিময় করেন।
সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মমিনুর মণ্ডল দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের ২৩টি পূজামণ্ডপ; মন্মথপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবদুল ওয়াদুদ শাহ্ শতাধিক মোটরসাইকেল নিয়ে ২৮টি পূজামণ্ডপ; পলাশবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির নেতা মোফাখখারুল ইসলাম দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ১১টি পূজামণ্ডপ, চণ্ডীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে ১১টি পূজামণ্ডপ; মোমিনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির নেতা নজরুল ইসলাম তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে এবং একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবদুল ওহাব মণ্ডল ৬০টি মোটরসাইকেল নিয়ে ১২টি পূজামণ্ডপ এবং হাবড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দেড় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপে সমবেত লোকজনের সঙ্গে কুশলবিনিময় ও মণ্ডপে নগদ আর্থিক অনুদান দেন।
নির্বাচনী তফসিল ঘোষণার এত আগে নির্বাচনী শোডাউনের কারণ সম্পর্কে পার্বতীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব সরকার বলেন, ‘উৎসবমুখর পরিবেশে একসঙ্গে সব বয়সের এত লোক আর কখনো পাওয়া সম্ভব হবে না। তাই সুযোগ বুঝে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরেছি।’ তিনি বলেন, তিন শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ বছর পার্বতীপুর উপজেলার একটি পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ১৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।