প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে জমি দখলের ‘অপপ্রচারের’ প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুরের পার্বতীপুর শহীদ মিনারে সমাবেশ ও মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। গতকাল সোমবার বিকেলে ওই কর্মসূচি পালন করা হয় পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পার্বতীপুর শাখার উদ্যোগে। এর আগে আধা বেলা ধর্মঘট পালন করা হয়।
১৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ অভিযোগ করেন, মন্ত্রীর খালাতো ভাই এমদাদুল ইসলাম চৌধুরী পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়নের ৫৫টি হিন্দু পরিবারের জমি দখল করেছেন।
গতকালের সমাবেশে বক্তারা বলেন, সাংসদ ফিজার হিন্দুর জমি দখল করতে পারেন না। হিন্দুদের সঙ্গে বিভেদ সৃষ্টির জন্যই একটি মহল ষড়যন্ত্র করছে।
সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পার্বতীপুর শাখার সভাপতি শচীন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক নীলকান্ত মোহন্ত, পূজা উদ্যাপন কমিটির পার্বতীপুর শাখার সভাপতি বিদেশ রায় প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলেন, চণ্ডীপুরের ২৫ দশমিক ৭৮ একর সম্পত্তি হিন্দুর নয়। আদালতের রায়ে ওই সম্পত্তি যে এমদাদুল ইসলাম চৌধুরীর তা ২০০২ সালেই নিষ্পত্তি হয়ে গেছে। কাজেই এ নিয়ে জল ঘোলা করার সুযোগ আর নেই।