পার্বতীপুরে বন বিভাগের জমি দখলের চেষ্টা
দিনাজপুরের পার্বতীপুরে বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের পাঁচ পুকুরিয়া এলাকায় ৭৬ শতাংশের একটি পুকুর গত শনিবার দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্ত ব্যক্তিরা পাল্টা অভিযোগ করে বলেছেন, ক্রয়সূত্রে তাঁরাই ওই জমির মালিক। দখলের চেষ্টার অভিযোগ ঠিক নয়। এ ঘটনায় মধ্যপাড়া বন বিটের কর্মকর্তা সনাতন কুমার দাস গত রোববার থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কানোজ গাড়ি গ্রামের মোস্তাফিজুর রহমান ও লক্ষ্মীপুর গ্রামের আবদুল মান্নান সরকারের নেতৃত্বে দা, কুড়াল, কোদালসহ ধারালো অস্ত্র নিয়ে ৪০-৫০ জন লোক পাঁচ পুকুরিয়া মৌজার পাঁচ পুকুরিয়ায় বন বিভাগের ৭৬ শতাংশের একটি পুকুর দখলের চেষ্টা চালান। এ সময় বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা শিকদার মাহফুজুল বারী ও বিট কর্মকর্তা সনাতন কুমার দাসসহ বন বিভাগের কর্মচারীরা তাঁদের বাধা দেন।
পুকুর দখল করতে আসা লোকজন পুকুরের পাশ থেকে মাটি কেটে পুকুর পাড়ের একাংশ বেঁধে রেখে চলে যান। আবদুল মান্নান বলেন, পাঁচ পুকুরিয়া মৌজার ৭৫৮ ও ৭৫৯ নম্বর দাগে তাঁরা ক্রয়সূত্রে মোট ১৬ দশমিক ৪৫ একর জমির মালিক। এই জমির মধ্যে ওই পুকুরটিও রয়েছে। ১৯৬৯ সালের ১৯ জুন প্রকাশিত বন বিভাগের ঢাকা গেজেটে সংশ্লিষ্ট দাগের উল্লেখ নেই। এ ছাড়া বর্তমানে চলমান ভূমি জরিপে তাঁদের নামে এসব জমির মাঠ পরচা হয়েছে (ডিপি নম্বর-৩৩২)।
সনাতন কুমার দাস জানান, ওই জমি বন বিভাগের। ১৯৫৮ ও ২০০৯ সালে প্রকাশিত গেজেটে এগুলো সংরক্ষিত বনের অন্তর্ভুক্ত। তা ছাড়া বর্তমান ভূমি জরিপে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে এসব জমির মাঠ পরচা দেওয়া হয়েছে (ডিপি নম্বর-১)। তিনি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন ভুয়া নথি তৈরি করে এসব জমির মালিকানা দাবি করছেন। এ ব্যাপারে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দপ্তরে মামলা বিচারাধীন রয়েছে।