পার্বতীপুরে বন বিভাগের জমি নিয়ে সংঘর্ষ আহত ৭
পার্বতীপুরে বন বিভাগের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সামাজিক বনায়ন কর্মসূচির আহত পাঁচ উপকারভোগী সদস্য হলেন শাহাবুল, আজমল, মজমুল, এমরান আলী ও রেজাউল করিম। অন্য দুজন হলেন হামলাকারী নুর আলম ও আমিন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে স্থানীয় নুর আলমের নেতৃত্বে ২০-২৫ জন মধ্যপাড়া বন বিটের দক্ষিণ হরিরামপুর মৌলভীর ডাঙ্গা গ্রামে উপকারভোগী সদস্যদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বাধে।মধ্যপাড়া বন বিভাগের বিট কর্মকর্তা সনাতন কুমার দাস জানান, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মৌলভীর ডাঙ্গা এলাকায় বন বিভাগের ৯ দশমিক ৪১ একর জমিতে গাছপালা লাগানো ছিল। এলাকার নুর আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বনের গাছগুলো চুরি করে নিয়ে যায়। উপকারভোগী সদস্যরা গতকাল বুধবার আবারও গাছ লাগানোর উদ্দেশে জমি তৈরি করার সময় নুর আলম দলবল নিয়ে তাঁদের ওপর হামলা চালান।বিট কর্মকর্তা আরও জানান, নুর আলমের বিরুদ্ধে বন বিভাগের ১০-১২টি মামলা রয়েছে। হামলাকারীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ওই এলাকায় বন বিভাগের সাড়ে আট শতক জমি ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিক্রি করে দেয় নুর আলম ও তাঁর সহযোগীরা।এ ব্যাপারে জানতে নুর আলমের মুঠোফোনে বারাবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।